কলার ব্যাপারীর ভালোবাসা

একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে দেখা দুজনার। আব্দুল ওহাবের বয়স তখন ৪০, সাহিদা বেগমের ২৩।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আব্দুল ওহাব ও তাঁর স্ত্রী সাহিদা বেগম
ছবি : প্রথম আলো

জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশনে থামল খুলনা মেইল। ট্রেন থেকে নামলেন বছর তেইশের এক তরুণী। সন্ধ্যা হয়ে এসেছে। স্টেশনের আড্ডাবাজ একদল তরুণ তাঁকে মৌমাছির মতো ঘিরে ধরলেন। মেয়েটি বলতে পারছেন না, কোথায় যাবেন। তাঁর বিব্রতকর অবস্থা দেখে ভিড় ঠেলে এগিয়ে এলেন ট্রেনের কলার ব্যাপারী আবদুল ওহাব। তিনি বললেন, ‘এ তো হামার আত্মীয়। রাগ কর্যা (করে) বাড়িত থ্যাকা অ্যাচে।’ বলেই ভিড় থেকে তরুণীকে বের করে নিয়ে এলেন ওহাব।

একটা ফাঁকা জায়গায় গিয়ে জিজ্ঞাসা করলেন, ‘বাড়িত থ্যাকা রাগ করে অ্যাচিন (এসেছ)?’ মেয়েটি ওপর–নিচ মাথা নাড়েন। ব্যাপারী বলেন, ‘মানুষজন ভালো নয়। বিপদে ফেলবে। চল হামার বাড়ি। হামার অন্ধ বুড়ি মা আছে। মায়ের সাথে রাতটা থাক। কাইলক্যা হামি তোমার বাড়িত দিয়া আসমো।’

আজ থেকে প্রায় ৪৫ বছর আগের সন্ধ্যায় সেই খুলনা মেইল ট্রেনের দুই যাত্রী এখন পরস্পরের জীবনসঙ্গী। ব্যাপারীর বাড়িতে এসে সবার আচরণে মুগ্ধ তরুণী আর বাড়িতে ফিরতে চান না। ব্যাপারীর বয়স তখন প্রায় ৪০। কলার ব্যাপারী। আয়রোজগার কম, বিয়ে করার চিন্তা তাঁর মাথায় ছিল না। ওই সময় কেন জানি, ট্রেনযাত্রী ওই তরুণীর ওপর তাঁর মায়া পড়ে যায়। তরুণীরও একই অবস্থা। একদিন পরিবারের সবাই সিদ্ধান্ত নেন। তাঁদের দুজনের বিয়ে দেবেন। প্রস্তাবে দুজনই রাজি। গাছে দুই কাঁদি কলা ছিল। বিক্রি করে কনের জন্য নতুন শাড়ি আর বরের জন্য পাঞ্জাবি আর মিঠাই কেনা হলো। যেটা বরের বাড়ি, সেটাই কনের বাড়ি। বিয়ে হলো তাঁদের। সেই থেকে নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নুনুজ গ্রামে সংসার পাতেন তাঁরা।

কলার ব্যাপারীর নাম আবদুল ওহাব। তাঁর স্ত্রীর নাম সাহিদা বেগম। সাহিদা বেগমের বাবার বাড়ি ছিল ভারতের নদীয়ায়। দেশভাগের সময় তাঁরা পাবনার পাকশিতে চলে আসেন। পুতুল খেলার বয়সে সাহিদার একবার বিয়ে হয়েছিল। ডাকাতের পরিবার বলে বাবা সেই পরিবারে মেয়েকে পাঠাননি। বাবা মারা যাওয়ার পর ভাইয়ের ওপর অভিমান করে ট্রেনে চেপে বসেছিলেন।

বিয়ের কিছুদিন পর একগাদা বাজার করে বউকে সঙ্গে করে ওহাব পাকশিতে শ্বশুরবাড়িতে হাজির হন। যে ভাইয়ের ওপর রাগ করে সাহিদা ট্রেনে চড়ে বাড়ি ছেড়েছিলেন, সেই ভাই-ই ‘দুলাভাই পেয়েছি’ বলে ওহাবকে কোলে তুলে নেচেছিলেন।

আবদুল ওহাব সারা জীবন কলার ব্যবসাই করে গেছেন। সংসারে কোনো সঞ্চয় নেই। বাড়িঘর করতে পারেননি। গত ৪৫ বছরে এক দিনের জন্যও দুজন দুজনকে ছেড়ে থাকেননি। সাহিদাও একই রকম। তাঁদের কোনো সন্তান হয়নি। একটি পালিত মেয়ে আছে। সেই মেয়েই হাসতে হাসতে এসব কথা বললেন। গত বছর মুজিব বর্ষে সরকারি বাড়ি পেয়েছেন। সেই সুবাদে ঠিকানাও পাল্টেছে তাঁদের। ওহাব–সাহিদা দম্পতির বাড়ি এখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিরোট্টি গ্রামে। সম্প্রতি সেই বাড়িতেই তাঁদের সঙ্গে কথা হয়।

মেয়ে পরিনা (৩১) বলেন, ‘এমন অম্লমধুর সম্পর্ক আমি জীবনে দেখিনি। এখন তাঁদের বয়স হয়েছে। সারা দিন নিজেরা ঝগড়া করবেন। কিন্তু বাইরের কেউ কিছু বললেই তাকে দুজন মিলে ধরবেন। এ জন্য সবাই তাঁদের ঝগড়াটা উপভোগ করে। মায়ের সামান্য জ্বর হলে বাবা দৌড়াবেন ওষুধ আনতে। সঙ্গে মুখের স্বাদ আনার জন্য চাটনি এনে বলবেন, “তাড়াতাড়ি খা। মুখে স্বাদ না হলে ঝগড়া কোরবুহিনি কী কইর্যা?” এমন খুনসুটি করেই তাঁদের দিন কাটে।’