কলারোয়ায় এক পরিবারের চারজনকে হত্যা মামলার রায় কাল
সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যা মামলায় রায় হবে কাল রোববার। ২২ আগস্ট যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এই দিন ধার্য করেছিলেন।
মামলার বিবরণে জানা যায়, কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিষা গ্রামের বাসিন্দা শাহাজাহান হোসেনের তিন ছেলে। বড় ছেলে শাহীনুর রহমান আট বিঘা জমিতে পাঙাশ মাছ চাষ করতেন। মেজ ছেলে আশরাফ আলী মালয়েশিয়ায় থাকেন। ছোট ছেলে রায়হানুর রহমান ছিলেন বেকার। তিনি বড় ভাই শাহীনুরের সংসারে খাওয়াদাওয়া করতেন।
২০২০ সালের ১০ জানুয়ারি স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় রায়হানুলের। সংসারে টাকা দিতে না পারায় তাঁকে মাঝেমধ্যে বকাবকি করতেন ভাই শাহীনুর রহমানের (৪০) স্ত্রী সাবিনা খাতুন (৩০)। এর জের ধরে ২০২০ সালের ১৪ অক্টোবর রাতে রায়হানুল ওই হত্যাকাণ্ড ঘটান। তিনি ভাই শাহীনুর, ভাবি সাবিনা ও এই দম্পতির ছেলে সিয়াম হোসেন মাহী (১০) ও মেয়ে তাসমিন সুলতানাকে (৮) প্রথমে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। ১৫ অক্টোবর ভোর চারটার দিকে ওই চারজনকে হাত ও পা বেঁধে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। তবে ওই দম্পতির চার মাসের শিশু মারিয়াকে হত্যা না করে লাশের পাশে ফেলে রেখে যান।
এ ঘটনায় নিহত শাহীনুরের শাশুড়ি কলারোয়া উপজেলার উফাপুর গ্রামের ময়না খাতুন থানায় ১৫ অক্টোবর হত্যা মামলা করেন। তখন কাউকে সন্দেহ করতে না পারায় তিনি আসামি হিসেবে কারও নাম উল্লেখ করেননি।
তদন্তে নেমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা সন্দেহভাজন হিসেবে রায়হানুল, একই গ্রামের রাজ্জাক, আবদুল মালেক ও ধানঘরা গ্রামের আসাদুল সরদারকে গ্রেপ্তার করেন। রায়হানুল ২১ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বলেন, তিনি একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রায়হানুলকে একমাত্র আসামি দেখিয়ে ২৪ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক মামলার ১৮ জন সাক্ষী ও ১ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
সাতক্ষীরা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আইনজীবী আবদুল লতিফ বলেন, কাল রোববার মামলার রায় হবে। বাদীপক্ষ ন্যায়বিচার পাবে বলে তিনি আশাবাদী।