কলারোয়ায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় নিখোঁজ হওয়ার ২২ ঘণ্টা পর শিশু মো. মেহেদী হাসানের (৭) লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার বেলা দুইটার দিকে দামোদরকাটি বিলের পাটগাছের আঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মেহেদী হাসান উপজেলার দামোদরকাটি গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
মহিদুল ইসলাম বলেন, তিনি কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে ছিলেন। বাড়ি থেকে স্ত্রী খাদিজা খাতুন তাঁকে মুঠোফোনে জানান, মেহেদী বাড়ির পাশে দামোদরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলতে যায় মঙ্গলবার বেলা তিনটার দিকে। কিন্তু বিকেল চারটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্রুত বাড়ি ফিরে এসে এলাকাবাসীর সহযোগিতায় বাড়ির আশপাশের পুকুর, জলাশয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে তাঁরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বেলা দুইটার দিকে দামোদরকাটি রাস্তার পাশে বিলের পাটগাছের আঁটির নিচে একই এলাকার আতিয়ার রহমান একটি শিশুর লাশ দেখতে পেয়ে তাঁদের খবর দেন। তিনি এসে দেখেন ছেলে মেহেদীর লাশ।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, দামোদরকাটি বিলের পাশ থেকে মেহেদী হাসানের লাশ পাটগাছ চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পরিদর্শক (তদন্ত) বেলাল হোসেন রয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।