কলেজ জাতীয়করণ হওয়ায় দিনভর উৎসব
বগুড়ার শেরপুর ডিগ্রি কলেজ জাতীয়করণ করায় গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সাংসদ হাবিবর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়।
কলেজ পরিচালনা কমিটি কলেজে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। এতে শিক্ষক ও শিক্ষার্থীরা ছাড়াও কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের আনন্দ শোভাযাত্রা শহরজুড়ে প্রদক্ষিণ করে।
কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহসিন আলী দেওয়ান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন। বর্তমানে এ কলেজে দুই হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন শেরপুর ডিগ্রি কলেজ সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা এই কলেজ জাতীয়করণ করার দাবি জানিয়েছেন। তাঁরা সরকারে থাকার সময়েও কলেজটি জাতীয়করণের আবেদন করেন। কিন্তু এখন কলেজটি জাতীয়করণ করায় তিনি আনন্দিত।
জাতীয়করণ করার ক্ষেত্রে অবদান রাখার জন্য বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনের সাংসদ হাবিবর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আল মাহমুদ। সাংসদ বলেন, শিক্ষার মান বাড়াতে হবে। আর এ জন্য শিক্ষকদের নিরলস চেষ্টা করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক মকবুল হোসেন প্রমুখ।