কলেজ থেকে ফেরার সময় বখাটের ছুরিকাঘাতে ছাত্রী আহত
গাজীপুরের শ্রীপুরে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় বখাটের ছুরিকাঘাতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে গতকাল রাতে এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
ওই ছাত্রী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ছাত্রী এখন আশঙ্কামুক্ত। ছাত্রীর পরিবারের অভিযোগ, মো. মামুন (২৫) নামের একই ইউনিয়নের এক যুবক ওই ছাত্রীর ওপর হামলা করেছেন।
মামলা ও ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে পারিবারিকভাবে ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মামুন। কিন্তু ওই প্রস্তাবে ছাত্রীর পরিবার রাজি হয়নি। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে মামুন প্রতিহিংসাপরায়ণ হয়ে পড়েন। এর পর থেকে ওই ছাত্রীকে প্রায়ই মামুন উত্ত্যক্ত করতেন। সর্বশেষ গতকাল দুপুরে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় বালুরঘাট এলাকায় মামুন ওই ছাত্রীর পথ রোধ করেন। এ সময় মামুন হঠাৎ ওই ছাত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আশপাশের লোকজন এসে রক্তাক্ত অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ঘটনায় করা মামলার আসামি মামুন গা ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজ সকালে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন ওই ছাত্রী আশঙ্কামুক্ত। তার শরীরে ধারালো অস্ত্রের তিনটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতগুলো খুব বেশি গভীর নয়। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া শুক্রবার প্রথম আলোকে বলেন, গতকাল রাতেই কলেজছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় একজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিকে ধরতে পুলিশ চেষ্টা করছে।