কলেজছাত্রীকে কোপালেন ছাত্রলীগের নেতা
সিলেট সরকারি মহিলা কলেজের এক ছাত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের নেতা বদরুল আলম। সিলেট এমসি কলেজে স্নাতক (পাস কোর্স) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় গতকাল সোমবার বিকেলে খাদিজা আক্তার নার্গিস (২২) নামের ওই শিক্ষার্থীর ওপর হামলা করেন তিনি।
খাদিজাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সিলেট সরকারি মহিলা কলেজে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি সিলেটের জালালাবাদ থানার আউশা গ্রামে।
হামলাকারী বদরুল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতকে। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলে থাকেন তিনি।
বদরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক। এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী জানান, বদরুলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মনোজ চৌধুরী বলেন, খাদিজার মাথার একাংশে গভীর ক্ষত হয়েছে। সেখানে অস্ত্রোপচার করা হয়েছে।
পুলিশ বলেছে, পরীক্ষা দিয়ে বিকেলে এমসি কলেজ ক্যাম্পাসের পুকুরপাড় দিয়ে যাচ্ছিলেন খাদিজা। এ সময় বদরুল চাপাতি দিয়ে তাঁর ঘাড়ে ও মাথায় কোপ দিয়ে পালানোর চেষ্টা করেন। খাদিজার সহপাঠীরা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন।
শাহপরান থানার ওসি শাহজামাল মুন্সি বলেন, পুলিশের কাছে বদরুল দাবি করেছেন, খাদিজার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি এ সম্পর্কে টানাপোড়েন দেখা দেওয়ায় ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।