কলেজে যাওয়া হলো না মেয়েটির
সদ্য কলেজে ভর্তি হয়েছিল মেয়েটি। চোখে হয়তো ছিল নানা স্বপ্ন। কিন্তু সেসব স্বপ্ন অধরাই থেকে গেল। আজ বুধবার কলেজে যাওয়ার পথে ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে মারা গেছে মেয়েটি। এতে মেয়েটির মাসহ আহত হয়েছেন পাঁচজন।
দুপুরে এ ঘটনা ঘটেছে খাগড়াছড়ি সদর উপজেলার শীলাছড়ি সেতু এলাকায়।
নিহত মেয়েটির নাম নুসরাত জাহান। সে মাটিরাঙ্গা উপজেলার ভূঁইয়াপাড়ার হারুনুর রশীদ ও মোছা. তৈয়বার মেয়ে। নুসরাত খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
হারুনুর রশীদ বলেন, মেয়েটি কিছু কাগজপত্র জমা দেওয়ার জন্য মায়ের সঙ্গে কলেজে আসছিল। পথেই এমন দুর্ঘটনা ঘটল।
খাগড়াছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের শীলাছড়ি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাহাড়ি ঢালু রাস্তায় অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ট্রাক ও মাহিন্দ্রার চালক পলাতক রয়েছেন। মেয়েটির লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন মাটিরাঙ্গার ভূঁইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড় গর্জনতলী এলাকার হৈমন্তী ত্রিপুরা ও খোকন চন্দ্র ত্রিপুরা এবং খাগড়াছড়ি সদরের খাগড়াপুর এলাকার আলো রানী ত্রিপুরা ও কুসুম রানী ত্রিপুরা।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক পূর্ণ জীবন চাকমা বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কুসুম রানী ত্রিপুরাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের এ হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।