কসবা ও নবীনগরের দুই কেন্দ্রে ইভিএমে ত্রুটি, বিলম্বে ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিসাইডিং কর্মকর্তার অডিট কার্ডে ত্রুটি থাকায় ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে। আজ সকালে শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয় কেন্দ্রে
ছবি: প্রথম আলো

ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও নবীনগর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ চলছে। তবে দুই উপজেলার দুটি কেন্দ্রে ইভিএমের কারিগরি ত্রুটির কারণে ভোট গ্রহণ শুরু হতে দেরি হয়েছে।

আজ সোমবার সকাল ৮টা থেকে ১৪টি ইউপির ১৩৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে ইভিএম চালু করার জন্য কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার অডিট কার্ডে ত্রুটি থাকায় নবীনগরের বিদ্যাকূট ইউপির ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক ঘণ্টা ও কসবার বায়েক ইউপির শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রায় দুই ঘণ্টা দেরিতে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল পৌনে নয়টার দিকে ভৈরবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। কেন্দ্রের ছয়টি বুথের ইভিএম চালু করতে না পারায় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু করতে পারেননি দায়িত্বরত কর্মকর্তারা। এতে সাধারণ ভোটাররা দুর্ভোগে পড়েন।
কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা কনক লতা দেবী বলেন, প্রিসাইডিং কর্মকর্তার অডিট কার্ডে ত্রুটি থাকায় ইভিএম চালু করতে দেরি হয়েছে। তবে সকাল নয়টা থেকে নির্বিঘ্নে ভোট গ্রহণ শুরু হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ‘ভোট গ্রহণ শুরুর আগেও অডিট কার্ডটি দিয়ে আমরা ইভিএম চালু করে পরীক্ষা করেছিলাম। তবে আটটার দিকে হঠাৎ কার্ডে ত্রুটি দেখা দেয়। তবে এক ঘণ্টা পরই ইভিএম চালু হয়েছে। এক ঘণ্টা বিলম্ব হওয়ায় ভোট গ্রহণের সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। যতক্ষণ কেন্দ্রে ভোটার থাকবেন, ততক্ষণই আমরা ভোট নেব।’

কারিগরি ত্রুটির কারণে শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে
ছবি: প্রথম আলো

শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে একই ত্রুটির কারণে সকাল ৮টার পরিবর্তে পৌনে ১০টায় ভোট শুরু হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ওই কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ভোট দিতে বিলম্ব হওয়ায় ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন।

ওই কেন্দ্রে ভোট দিতে আসা খালেদা আক্তার বলেন, ইভিএম নষ্ট হওয়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। সকাল থেকে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

শিক্ষা সদন বায়েক উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, গতকালই সব ইভিএম পরীক্ষা করা হয়েছিল। তবে সকালে হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেয়। তবে নির্বাচন কমিশনের কারিগরি দলের সহায়তায় দ্রুত সমস্যা সমাধান করা হয়েছে।