কসবার একজন বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত, বাড়িতে মাতম
ব্রাহ্মণবাড়িয়ার কসবার রেজাই-রাব্বি (৪৬) বাহরাইনে গতকাল শনিবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এই খবরে তাঁর গ্রামের বাড়িতে চলছে মাতম। তাঁর মৃত্যুর খবর পেয়ে আজ রোববার সকাল থেকেই গ্রামবাসী ও আত্মীয়স্বজনেরা বাড়িতে আসতে শুরু করেন।
নিহত রেজাই–রাব্বি উপজেলার মান্দারপুর গ্রামের মৃত আবদুর রকিব মাস্টারের ছেলে। রেজাই–রাব্বি তিন ভাই আর চার বোনের মধ্যে দ্বিতীয়। তাঁর কোনো সন্তান নেই। তাঁর স্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার একটি ভাড়া বাসায় থাকেন।
রেজাই-রাব্বির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বাহরাইনে গিয়েছিলেন রেজাই–রাব্বি। রেজাই–রাব্বি ও তাঁর ছোট ভাই মাসুদ খন্দকার বাহরাইনে থাকেন। একই বাসায় থাকেন তাঁরা দুই ভাই। গত শুক্রবার ঈদের দিন রাতে বাহরাইনে গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রেজাই। কিন্তু বাসায় ফিরে আসেননি। গতকাল শনিবার গভীর রাতে তাঁর সঙ্গে থাকা ছোট ভাই তাঁকে খুঁজতে বের হয়ে খবর পান, রেজাই–রাব্বি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁর সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশিও ওই দুর্ঘটনায় নিহত হন। আজ রোববার বাড়িতে কল করে ভাইয়ের মৃত্যুর খবর দেন মাসুদ। লাশ বাহরাইনের হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বড় বোন নাছিমা বেগম বাড়িতে আসেন। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘ঈদের দিনে ভাইকে হারিয়েছি। মা নেই, বাবা নেই। আমার বয়সের কাছাকাছি ছোট ভাইটিকেও হারিয়েছি। আমার ভাইয়ের লাশটি দেশে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
মান্দারপুর গ্রামের বাসিন্দা কলেজশিক্ষক ফুরকান আহাম্মদ বলেন, ‘রেজাই–রাব্বি আমাদের দুই বছর আগে এসএসসি পাস করলেও আমরা একই সঙ্গে বন্ধুর মতো চলাফেরা করতাম। তাঁকে হারিয়ে গ্রামবাসী শোকাহত।’
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম বাহরাইনে সড়ক দুর্ঘটনায় রেজাই-রাব্বির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।