কসবায় ট্রাক কেড়ে নিল মোটরসাইকেল আরোহীর প্রাণ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি ট্রাকের চাপায় সোহেল মিয়া (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কুটি ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে নিহত সোহেল মিয়ার লাশ দাফন করা হয়েছে।
সোহেল মিয়া কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের বুগীর গ্রামের মালেক মিয়ার ছেলে। তিনি সৌদি আরবে চাকরি করতেন এবং ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোহেল মিয়া গত সোমবার পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার চারপাড়া গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। মঙ্গলবার বিকেলে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের কসবা উপজেলার শান্তিপুর এলাকায় পৌঁছান তিনি। এ সময় ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী একটি ট্রাক পেছন দিক থেকে তাঁর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মিয়ার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তাঁর গ্রামের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তাঁর লাশ শনাক্ত করেন।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মঙ্গলবার রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করেছে। বুধবার সকালে নিহতের লাশ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।