কসবায় পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ যুবদলের নতুন কমিটির আনন্দ মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ সোমবার উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটির আনন্দ মিছিল পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশের লাঠিপেটা ও মিছিলকারীদের ইটপাটকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক, ২ সাংবাদিকসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে এক ছাত্রদল নেতাকে আটক করেছে।
উপজেলা যুবদল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. মাসুদুল হক ভূইয়াকে আহ্বায়ক ও জিয়াউল হুদাকে সদস্যসচিব করে কসবা উপজেলা যুবদলের কমিটি করা হয়েছে। আর মো. মহসিন আলমকে আহ্বায়ক ও মো. রাকিব মিয়াকে সদস্যসচিব করে কসবা পৌরসভা যুবদলের কমিটি করা হয়। এই দুই কমিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ১২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। ওই কমিটি প্রত্যাখ্যান করে পদবঞ্চিতরা ১৮ সেপ্টেম্বর কসবা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।
এদিকে নবগঠিত উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আজ সকালে একটি আনন্দ মিছিল বের হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতা-কর্মীরা উপজেলার বিনাউটি ইউনিয়নের অনন্তপুর এলাকায় জড়ো হতে শুরু করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফখর উদ্দিন ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুল হক ভূইয়ার নেতৃত্বে সকাল নয়টায় আনন্দ মিছিল বের হয়। মিছিলটি অনন্তপুর থেকে উপজেলা সদরে আসার সময় আদ্রা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে যুবদল নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। যুবদলের আহ্বায়ক মাসুদুলসহ ১০ থেকে ১২ জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ সিরাজুল হক ওরফে ইমু নামের এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে।
কসবা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদুল হক বলেন, উপজেলা ও পৌর যুবদলের নতুন কমিটি গঠনের পর প্রায় এক হাজার নেতা-কর্মী নিয়ে একটি শান্তিপূর্ণ আনন্দ মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিপেটায় তিনিসহ ১০ থেকে ১২ জন আহত হন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, উপজেলা ও পৌর যুবদলের দুই দল রয়েছে। একদল পদধারী ও একদল পদবঞ্চিত। দুই দলের মধ্যে উত্তেজনা রয়েছে। পদধারীদের আনন্দ মিছিল করতে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। মিছিলটি উপজেলা সদরে এলে দুই দলের মধ্যে সংঘর্ষের আশঙ্কা ছিল। এ কারণে মিছিলটি করতে দেওয়া হয়নি। এ ঘটনায় থানায় মামলা হবে।