কসবায় বিক্রয়কর্মীকে হত্যা করে লক্ষাধিক টাকা লুট
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসাদ মিয়া (২৭) নামের এক বিক্রয়কর্মীর লাশ পাওয়া গেছে। আজ রোববার সকালে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের সামনে থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, দুবৃত্তরা তাঁকে খুন করে টাকা লুট করে নিয়ে গেছে।
নিহত আসাদ মিয়া কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রাণ কোম্পানির পরিবেশক আলমাজ মিয়ার অধীনে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি স্ত্রী ডলি আক্তার ও তিন বছরের মেয়েকে নিয়ে কসবা পৌর শহরের সাহাপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ মিয়া গতকাল শনিবার কসবা পৌর শহরের পুরাতন ও নতুন বাজার এলাকায় মালামাল বিতরণ করেন। সেই সঙ্গে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেন। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে মালামালের গাড়ির চালক শিমুল মিয়াকে দোকানে পাঠিয়ে দেন। এ সময় দুজন লোক তাঁকে ডেকে নেন। পরে ছয়টার দিকে তিনি মুঠোফোনে জানান—দোকান থেকে টাকা তুলতে আরও সময় লাগবে। সাতটার পর থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ হয়ে যায়। পরে তাঁর পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করেন।
আজ সকালে কসবা-নয়নপুর সড়কের আকছিনা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের পাশে আসাদের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে কসবা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দুর্বৃত্তরা বিক্রয়কর্মী আসাদ মিয়াকে খুন করে টাকা লুট করে নিয়ে গেছে। নিহত আসাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর গলায় মাফলার প্যাঁচানো ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
নিহত আসাদের স্ত্রী ডলি আক্তার কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার কেউ নেই। আমার স্বামী কসবায় মালামাল ডেলিভারি করেছে। রাতে আমার স্বামী বাসায় আসছে না। রাতেই পুলিশকে বিষয়টি জানিয়েছে। টাকার লোভে আমার স্বামীকে খুন করেছে। আমি খুনিদের শাস্তি চাই।’
নিহত আসাদের চাচাতো ভাই মাসুদ মিয়া বলেন, রাতেই খবর পেয়েছেন, তাঁর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মালামাল বিক্রির টাকা ছিল তাঁর কাছে। টাকার লোভে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে খুন করেছে।