কসাই সিরাজ গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ওরফে কসাই সিরাজকে (৮০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় বাগেরহাট মডেল থানা-পুলিশের একটি দল বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ নিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের তিন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে শেখ সিরাজের বিরুদ্ধে বাগেরহাটের ছয়টি গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে সাতজনকে, একই উপজেলার রণজিতপুর গ্রামে ৪২ জনকে, কান্দাপাড়া গ্রামে ১৮ জনকে, কচুয়া উপজেলা সদরে পাঁচজনকে, একই উপজেলার শাঁখারীকাঠি গ্রামে ৪২ জনকে এবং রামপাল উপজেলার ডাকরা গ্রামে ৬০০ থেকে ৭০০ জন নারী-পুরুষকে হত্যা। বাগেরহাটের এসব হত্যাকাণ্ডে তিনি নিজে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে। পাকিস্তানি সেনাদের সহযোগিতাকারী হিসেবে তিনি চিহ্নত হত্যাকারী রাজাকার বলে পরিচিত।
বাগেরহাটের মোরেলগঞ্জ থানার পুলিশের একটি দল গত ১৯ জুন রাজশাহী মহানগরের এক আত্মীয়ের বাড়ি থেকে আকরাম হোসেন খানকে (৬০) এবং ১১ জুন বাগেরহাটের কচুয়া উপজেলার সোলারকোলা গ্রাম থেকে আব্দুল লতিফ তালুকদারকে (৬৫) গ্রেপ্তার করে।
বর্তমান সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হলে ২০০৯ সালে নিমাই চন্দ্র দাস নামে স্থানীয় এক ব্যক্তি বাদী হয়ে রাজাকার আকরাম হোসেন খান ও আব্দুল লতিফ তালুকদার এবং কসাই সিরাজের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-৩০ জনের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে একটি মামলা করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, আকরাম হোসেন খান, আব্দুল লতিফ তালুকদার ও শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার ওরফে কসাই সিরাজসহ অজ্ঞাত ২০-৩০ জন সশস্ত্র লোকজন ১৯৭১ সালের ৫ মে কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে গিয়ে নিরীহ লোকজনের ওপর হামলা চালিয়ে লুটপাট, অগ্নিসংযোগ এবং ৪২ জনকে হত্যা করে। সিরাজ কসাইয়ের বিরুদ্ধে শাঁখারীকাঠি গণহত্যা ছাড়াও বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি গ্রামে সাতজনকে, একই উপজেলার রণজিতপুর গ্রামে ৪২ জনকে, কান্দাপাড়া গ্রামে ১৮ জনকে, কচুয়া উপজেলা সদরে পাঁচজনকে এবং রামপাল উপজেলার ডাকরা গ্রামে ছয় থেকে সাত শ নারী-পুরুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মো. হেলাল উদ্দিন জানান, মুক্তিযুদ্ধের সময়ে বাগেরহাটের লোমহর্ষক গণহত্যাগুলোর ঘটনা তদন্ত করতে গিয়ে প্রাথমিক পর্যায়ে সিরাজ মাস্টারের বিরুদ্ধে সব গণহত্যায় নেতৃত্ব দেওয়ার প্রমাণ মিলেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. আলী আজম খান বলেন, গত ১০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কসাই সিরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তিনি ২০০৯ সালের পর থেকে এলাকা ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি তিনি তাঁর গ্রামে ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টায় কসাই সিরাজকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় রাখা হয়েছে। আজ সকালে তাঁকে ঢাকায় পাঠানো হবে।