নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে আজ শনিবার ২০-দলীয় জোটের জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দলীয় সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগ ও মধ্যবর্তী নির্বাচনের দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনকে চাঙা করতে ঢাকার আশপাশের জেলা ও উপজেলার নেতা-কর্মীদের পাশে চান খালেদা জিয়া। সেই লক্ষ্যে আজকের জনসভাকে গুরত্ব দিচ্ছে বিএনপি ও ২০-দলীয় জোট।
খালেদা জিয়ার জনসভা উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে কাঁচপুর জনসভাস্থলে সংবাদ সম্মেলন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী আমান উল্লাহ আমান।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ আমান বলেন, নারায়ণগঞ্জের জনসভা সফল করতে ইতিমধ্যে নেতা-কর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।