কাঁঠালগাছে ঝুলে ছিল শিক্ষকের লাশ
নীলফামারীতে একটি কাঁঠালগাছের ডালের সঙ্গে ঝুলে ছিল শিক্ষকের লাশ। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষকের নাম সুধা রঞ্জন রায় (৫০)। তিনি একই গ্রামের হেমো চন্দ্রের ছেলে।
লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সদস্য জগদীশ চন্দ্র রায় জানান, স্থানীয় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ করে সংসার চালাতেন সুধা রঞ্জন রায়। তাঁর স্ত্রী ও দুই সন্তান আছে।
পরিবারের বরাত দিয়ে নীলফামারী থানার উপপরিদর্শক জহুরুল ইসলাম বলেন, গতকাল সোমবার রাত ৯টার দিকে ভাত খেয়ে মন্দিরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন সুধা রঞ্জন। রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পাশে কাঁঠালগাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।