কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলছে ফেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাব্যতা-সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে উভয় ঘাটে পারাপারে জন্য আটকা পড়েছে কয়েক শ যানবাহন। শনিবার দুপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে
প্রথম আলো

নাব্যতা-সংকটে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথের অচলাবস্থা কাটছে না। চলাচলরত ১৪টি ফেরি সচল থাকলেও শনিবার সকাল থেকে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলছে মাত্র পাঁচটি ফেরি। এর আগে প্রায় দুদিন বন্ধ ছিল ফেরি চলাচল। ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দুর্ভোগ কাটছে না এ নৌপথে আসা যাত্রী ও পরিবহন শ্রমিকদের।
ঘাট কর্তৃপক্ষ বলছে, গত মাসে চার দফায় অন্তত ১৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। চলতি মাসের তিন দিনের মধ্যে প্রায় দুদিন ফেরি চলাচল বন্ধ ছিল। বর্তমানে যে চারটি ফেরি চলছে তা তুলনামূলক ছোট ও মাঝারি ফেরি। এই ফেরিগুলো ধারণক্ষমতার অর্ধেক লোড দেওয়া হয়। এর ফলে উভয় ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়ছে যানবাহন।
জানতে চাইলে শনিবার দুপুর একটায় বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুল আলিম প্রথম আলোকে বলেন, ‘শুক্রবার বিকেলে পরীক্ষামূলক দুটি ফেরি উভয় ঘাট থেকে ছাড়া হয়। শনিবার সকাল থেকে পাঁচটা ফেরি হাফ লোড নিয়ে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করেছে। তবে সন্ধ্যার পর থেকে বন্ধ থাকবে ফেরি চলাচল।’ তিনি আরও বলেন, ‘নৌ-চ্যানেলের অবস্থা ভালো না। পদ্মায় স্রোতের সঙ্গে প্রচুর পলি মাটি এসে চ্যানেলে জমা হয়ে ডুবোচরের সৃষ্টি করছে। ড্রেজিং বিভাগ একাধিক খননযন্ত্র বসিয়ে পলি অপসারণ করলেও সঠিক সমাধান আসছে না। তাই আবার যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ফেরি চলাচল।’

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাট সূত্র জানায়, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে চায়না নৌ-চ্যানেলের বিভিন্ন স্থানে ভয়াবহ নাব্যতা-সংকট দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে গত বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বন্ধ হয়ে যায় ফেরি চলাচল। এরপর বিআইডব্লিউটিএ ড্রেজিং বিভাগ একাধিক খননযন্ত্র বসিয়ে পলি অপসারণ শুরু করে। বিআইডব্লিউটিএ নির্দেশনা অনুযায়ী শুক্রবার বিকেলে উভয় ঘাট থেকে দুটি ফেরি পরীক্ষামূলক ছাড়া হয়। ফেরি দুটি শুক্রবার সন্ধ্যার আগে ঠিকমতো ঘাটে পৌঁছালে শনিবার সকাল থেকে ৫টি ফেরি ছাড়ার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বর্তমানে এই নৌপথে ছোট ফেরি কুমিল্লা, ফরিদপুর এবং কে-টাইপের ক্যামেলিয়া, কাকলি ও কিশোরী স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে চলাচল করছে।

নাব্যতা-সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। শনিবার দুপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে
প্রথম আলো

এদিকে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় উভয় পাড়ে আটকা পড়েছে দুই শতাধিক যানবাহন। তবে যাত্রীদের পারাপারের জন্য লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক আছে। ঢাকাগামী যাত্রী মেহেদী হাসান বলেন, ‘লঞ্চে এ মৌসুমে উত্তাল পদ্মা পারাপার হওয়া খুবই ঝুঁকি। কিন্তু ঘাটে এসে তাৎক্ষণিক ফেরি না পেয়ে লঞ্চ ভিড় সামলে উঠতে হলো।’

এক সপ্তাহ ধরে কাঁঠালবাড়ি ঘাটের টার্মিনালে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকের চালক সোহাগ হাওলাদার বলেন, ‘ফেরি যে কয়টা চলে তাতে সবই ছোট গাড়ি লোড নেয়। টার্মিনালে ট্রাক বেশি আটকা থাকলেও প্রতিটি ফেরিতে মাত্র একটি-দুটি ট্রাক লোড নিচ্ছে। ফেরিতে অন্তত পাঁচটি ট্রাক লোড নিলে আমাদের দিনের পর দিন ঘাটে আটকা থাকতে হতো না।’

নাব্যতা-সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে উভয় ঘাটে পারাপারে জন্য আটকা পড়েছে কয়েক শ যানবাহন। শনিবার দুপুরে কাঁঠালবাড়ি ফেরিঘাটে
প্রথম আলো

এ সম্পর্কে কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মনিরুল ইসলাম বলেন, ‘ফেরি দুই দিন না চালায় ঘাটের টার্মিনালে কিছু ট্রাক ও কাভার্ডভ্যান আটকা ছিল। সব মিলিয়ে ৫০টির মতো ভারী গাড়ি আছে। ৪-৫টি ফেরি ঠিকমতো চললে ওই ট্রাকগুলো দুই-তিন দিনের মধ্যেই পাড় হয়ে যাবে। এ ছাড়াও অর্ধশত ছোট গাড়ি সকাল থেকে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা আছে।’