কাঁঠালিয়ায় ইজিবাইকচালক নাসিরের হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
ঝালকাঠির কাঁঠালিয়ায় ইজিবাইকচালক মো. নাসির উদ্দিনের (২৮) হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ রোববার বেলা ১১টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নাসিরের শিশুসন্তান, স্ত্রী, মা, ভাইসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে অংশ নিয়ে হত্যাকারীর ফাঁসির দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার এলাকাবাসীর সঙ্গে একাত্মতা পোষণ করে নাসিরের পরিবারের খোঁজখবর নেন।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান, কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, বিআরডিবির চেয়ারম্যান মো. কাওছার আহমেদ সিকদার, আওয়ামী লীগ নেতা তরুণ সিকদার, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এম তারিকুজ্জামান, বিএনপি নেতা মো. হাসিব ভুট্ট, কাঁঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রোকন সিকদার প্রমুখ বক্তব্য দেন। এতে বিভিন্ন শ্রেণি–পেশার শত শত মানুষ অংশ নেন।
নাসিরের স্ত্রী নূপুর বেগম হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবারের একমাত্র উপার্জনকারী স্বামীকে হারিয়ে তাঁর পরিবার এখন দিশাহারা। তাঁদের কান্না দেখে মানববন্ধনে অংশ নেওয়া অনেকে কেঁদে ফেলেন।
২৮ ফেব্রুয়ারি ইজিবাইকসহ নাসির উদ্দিন নিখোঁজ হন। পরের দিন উপজেলার মশাবুনিয়া গ্রামের বিষখালী নদীর তীরের কেয়া বন থেকে হাত বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দুই দিন পর উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে সাকির হোসেন নামের এক যুবককে আটক করে র্যাব-৮। র্যাব ভান্ডারিয়া থেকে নাসিরের ইজিবাইক ও পার্শ্ববর্তী বামনা উপজেলা থেকে নাসিরের ব্যবহৃত মুঠোফোন ও টর্চলাইট উদ্ধার করে। আদালতে দেওয়া সাকিরের জবানবন্দি অনুযায়ী, বন্ধু নাসিরকে ৩০ হাজার টাকার জন্য তিনি হত্যা করেছেন।