চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা থেকে গুপ্তছড়া নৌপথে স্পিডবোটের ভাড়া আবারও বাড়ানো হয়েছে। তবে ভাড়া বাড়ানোর বিষয়ে কুমিরা ঘাটের নিয়ন্ত্রক সংস্থা চট্টগ্রাম জেলা পরিষদ কিছুই জানে না বলে দাবি করেছে।
গতকাল শুক্রবার থেকে ২৫০ টাকার ভাড়া ৩০০ টাকা করে নিতে শুরু করেছেন ঘাটের কর্মীরা। তবে পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বাড়ানোয় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
এর আগে গত ১ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়াই এ রুটের যাত্রী ভাড়া ২০ শতাংশ বাড়ায় ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন। তখনো ঘাটের ভাড়া বাড়ানোর বিষয়টি জেলা পরিষদ জানত না বলে দাবি করা হয়েছিল। পরে সমালোচনার মুখে সাত দিনের মাথায় বর্ধিত ভাড়া প্রত্যাহার করে ইজারাদার।
এ ঘটনার দেড় মাসের মাথায় ১৬ মার্চ বুধবার নিজের ফেসবুক আইডি থেকে আবারও ভাড়া বাড়ানোর ঘোষণা দেন আনোয়ার হোসেন। গতকাল শুক্রবার থেকে বর্ধিত ভাড়া কার্যকর হয়েছে।
ইজারাদারের সঙ্গে দৈনিক ভিত্তিতে খাস কালেকশনের চুক্তি হয়েছে তাঁদের। কিন্তু স্পিডবোট চালানোর কোনো চুক্তি নেই। এ জন্য ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা কোনো সিদ্ধান্ত দেননি।
জানতে চাইলে জেলা পরিষদের প্রধান নির্বাহী সাব্বির ইকবাল বলেন, ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা কিছু জানেন না।
ভাড়া বাড়ানোর কারণ জানতে ঘাটের ইজারাদার আনোয়ার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে সাংবাদিক পরিচয় দেওয়ার পরই তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার কল দেওয়া হলেও কোনো সাড়া মেলেনি।
জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ প্রথম আলোকে বলেন, ইজারাদারের সঙ্গে দৈনিক ভিত্তিতে খাস কালেকশনের চুক্তি হয়েছে তাঁদের। কিন্তু স্পিডবোট চালানোর কোনো চুক্তি নেই। এ জন্য ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁরা কোনো সিদ্ধান্ত দেননি।
চুক্তির বাইরে ওই পথে কীভাবে স্পিডবোট চলছে, সেটা জানতে চাইলে আ ম ম দিলশাদ বলেন, বিষয়টি তাঁরা দেখবেন। পরে এটা নিয়ে সুষ্পষ্ট নীতিমালা তৈরি করা হবে।
এ বিষয়ে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা প্রথম আলোকে বলেন, একটি নির্দিষ্ট নীতিমালার ওপর ভিত্তি করে জেলা পরিষদ ঘাট পরিচালনা করে। ভাড়া নির্ধারণের দায়িত্ব একমাত্র জেলা পরিষদের। এখানে উপজেলা পরিষদের কিছু করার এখতিয়ার নেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের সাংসদ মাহফুজুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, কুমিরা ঘাটের ভাড়া বাড়ানো অযৌক্তিক ও অন্যায্য। যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে হঠাৎ করে ভাড়া বাড়ানো অন্যায়।
এদিকে স্পিডবোটের ভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরে বিক্ষোভ–সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরের হালিশহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে চট্টগ্রামস্থ সন্দ্বীপের বাসিন্দারা এই বিক্ষোভ–সমাবেশের ডাক দেন।
সমাবেশে শাহীন ইব্রাহিমের সঞ্চালনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক সোয়াইব উদ্দিন হায়দার, সাংবাদিক সালেহ নোমান, সমাজকর্মী জিয়াউদ্দিন, খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
সালেহ নোমান প্রথম আলোকে বলেন, জেলা পরিষদ ঘাটের মালিক হলেও ইজারাদার ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। ইজারাদারের স্বেচ্ছাচারিতার কাছে সন্দ্বীপের চার লাখ মানুষ জিম্মি। একক ইজারা বাতিল করে অন্যান্য নৌপথের মতো ভাড়ার দাবি জানান তিনি।