কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক–কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মাসুম হোসেনকে মারধর করার প্রতিবাদে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী মাসুম হোসেনকে মারধর করার প্রতিবাদে চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা এক ঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। তাঁরা আজ শনিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা কর্মবিরতি ও হাসপাতালের সামনে মানববন্ধন করেন।

জরুরি চিকিৎসাসেবা, টিকাদান কর্মসূচি ব্যতীত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধনে বক্তারা মাসুম হোসেনের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি মাসুম হোসেনের ছেলের সঙ্গে কাউখালী শহরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা মো. আসলামের ছেলের ঝগড়া হয়। এ কারণে আসলামের ছেলেকে বকাঝকা করেন মাসুম হোসেন। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ঢুকে জরুরি বিভাগে কর্মরত থাকা মাসুমের ওপর হামলা চালান আসলাম ও তাঁর শ্বশুর নূরুল আমিন।

গুরুতর আহত মাসুমকে ওই দিন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গত শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুব্রত কর্মকার বাদী হয়ে স্থানীয় থানায় মামলা করেন।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।