কাউখালীতে ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হামলায় আল আমীন শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
ছবি: প্রথম আলো

পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদের (৩৭) ওপর হামলা ও ছাত্রলীগ নেতা আল আমীনকে (২৩) কুপিয়ে জখমের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আল আমীনের স্ত্রী সাবিনা ইয়াসমিন বাদী হয়ে এ মামলা করেন। ওই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় উপজেলার বেতকা গ্রামের জামাল হাওলাদারকে (৪০) প্রধান আসামিসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তার দুই আসামি হলেন কামরুল ইসলাম (৪০) ও মাহিদুল ইসলাম। তাঁরা বেতকা গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি উপজেলার বেতকা গ্রামের মো. রাজু হাওলাদারকে (৩২) গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। রাজুর অভিযোগ, আবু সাঈদ ও সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন তাঁকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন। পরে রাজু জামিনে মুক্ত হন। এরপর গতকাল সকাল ১০টার দিকে হোগলা বেতকা বাজারের সেতুর কাছে পৌঁছালে জামাল হোসেন ও রাজুর নেতৃত্বে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে আবু সাঈদের ওপর হামলা করেন।

এ সময় আল আমীন ইউপি চেয়ারম্যান আবু সাঈদকে উদ্ধার করতে এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। হামলায় আবু সাঈদ ও আল আমীন গুরুতর আহত হন। আল আমীন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু সাঈদ বলেন, ‘মাদকসহ রাজু গ্রেপ্তারের জন্য আমাকে সন্দেহ করতেন। জামিনে মুক্ত হওয়ার পর রাজু ও তাঁর ঘনিষ্ঠরা শত্রুতার জেরে আমার ওপর হামলা করেছেন।’

জানতে চাইলে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বনি আমিন বলেন, ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে। ইতিমধ্যে পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার সকালে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হবে।