কাউখালীতে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বিএনপি নেতা লাঞ্ছিত
পিরোজপুরের কাউখালী উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে গিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মাদ লাঞ্ছিত হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের নেতা–কর্মীরা তাঁকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার সদরে কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে শহীদ মিনারে ফুল দিতে যান দলের নেতা-কর্মীরা। এ সময় সেখানে থাকা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদকে প্রথমে ফুল দিতে বাধা দেন। এরপর তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ বলেন, ‘দ্বীন মোহাম্মাদকে শুধু শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়া হয়েছে। তাঁকে লাঞ্ছিত করা হয়নি। দ্বীন মোহাম্মদ ইউপি নির্বাচনে আমার বিরোধিতা করেছেন।’ তিনি আরও বলেন, বিএনপি ইউপি নির্বাচনে না নিলেও দ্বীন মোহাম্মাদ বিভিন্ন ইউনিয়নে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে কাজ করেছেন। তাই তাঁকে ফুল দিতে নিষেধ করা হয়েছে মাত্র।
এ বিষয়ে দ্বীন মোহাম্মাদ বলেন, ‘আমি ভোরে ফুল দিতে শহীদ মিনারে যাওয়ার পর আমিনুর রশিদ আমাকে ফুল দিতে বাধা দেন। এ সময় আমাকে লাঞ্ছিত করা হয়।’
কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, বিএনপি নেতা দ্বীন মোহাম্মাদকে ফুল দিকে বাধা দেওয়া রাজনৈতিক কোনো বিরোধের জেরে নয়। ইউপি নির্বাচনে কাউখালী সদর ইউনিয়নের পরাজিত নৌকার প্রার্থী আমিনুর রশিদের বিরোধিতা করেছেন দ্বীন মোহাম্মাদ। এর জেরে এ ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে কাউখালী থানার ওসি মো. বনি আমিন বলেন, ‘এ রকম কোনো ঘটনার কথা তিনি শোনেননি।’