কাউখালীতে সেতু ভেঙে পাথরবোঝাই ট্রাক ছড়ায়, যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনার পর থেকে পোয়াপাড়া, কাউখালী বাজার ও আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে আছে
ছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালীতে বেইলি সেতু ভেঙে একটি পাথরবোঝাই ট্রাক ছড়ায় পড়েছে। এতে সড়কপথে কাউখালী সদরের সঙ্গে রাঙামাটি ও চট্টগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গতকাল শুক্রবার রাত ১২টার দিকে কাউখালী বাজারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সড়ক ও জনপথ (সওজ) সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে চট্টগ্রাম থেকে কাউখালী সদর হয়ে পাথরবোঝাই ট্রাকটি পোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের দিকে যাচ্ছিল। এ সময় কাউখালী বাজারের কাছে কাউখালি ছড়ার ওপর নির্মিত বেইলি সেতুটি পার হওয়ার সময় সেতুটি ভেঙে যায়।

এতে ট্রাকটি কাউখালী ছড়ায় পড়ে যায়। এ ঘটনার পর থেকে পোয়াপাড়া, কাউখালী বাজার ও আশপাশের এলাকার যান চলাচল বন্ধ হয়ে আছে। এতে অন্তত ২০ হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন।

সওজের উপসহকারী প্রকৌশলী দীপন চাকমা বলেন, ট্রাকটি অতিরিক্ত পাথরবোঝাই হওয়ায় সেতুটি ভেঙে গেছে। সেতুটি ভেঙে নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।