কাউখালীতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

পিরোজপুরের কাউখালী উপজেলায় আবদুল মান্নান সিকদার (৪২) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী সালমা আক্তারকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নূরুল ইসলাম আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সালমা আক্তার কাউখালী উপজেলার মুক্তারকাঠি গ্রামের মহসিন হাওলাদারের মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আবদুল মান্নান সিকদারের সঙ্গে ২২ বছর আগে পিরোজপুরের কাউখালী উপজেলার মুক্তারকাঠি গ্রামের সালমা আক্তারের বিয়ে হয়। ওই দম্পতির দুটি মেয়েসন্তান আছে। বিয়ের কয়েক বছর পর সালমা আক্তার স্বামী আবদুল মান্নান সিকদারকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর মুক্তারকাঠি গ্রামে বসবাস করতে থাকেন। এই দম্পতির নিজের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। সালমা আক্তার ও তাঁর ভাই রিয়াজ হোসেন বিভিন্ন সময়ে আবদুল মান্নানকে মারপিট করতেন।

২০১৩ সালের ১৮ জুলাই রাতে বসতঘরে সালমা আক্তার শ্বাসরোধে স্বামীকে হত্যা করেন। এ ঘটনার পরদিন নিহত আবদুল মান্নান সিকদারের বাবা মোফাজ্জেল হোসেন সিকদার বাদী হয়ে পুত্রবধূ সালমা আক্তার ও তাঁর ভাই রিয়াজ হোসেনকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ সালমা আক্তারকে গ্রেপ্তার করে। ২০১৪ সালের ৩১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কাউখালী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ তদন্ত শেষে রিয়াজ হোসেনকে বাদ দিয়ে সালমা আক্তার ও লিটন হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। গ্রেপ্তারের পর সালমা আক্তার আদালত থেকে জামিনে বের হয়ে পরবর্তী সময়ে পলাতক রয়েছেন। মামলার ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি সালমা আক্তারের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতে উপস্থিত অপর আসামি লিটন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দেন বিচারক।

সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, সালমা আক্তার আদালত থেকে জামিনে বের হন। এরপর কয়েক বছর আদালতে হাজিরাও দেন তিনি। তবে এক বছর ধরে তিনি পলাতক।

আসামি লিটন হাওলাদারের পক্ষে আইনজীবী ছিলেন আহসানুল কবির ও পলাতক আসামি সালামা আক্তারের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন ফজলুল হক।
নিহত আবদুল মান্নান সিকদারের ছোট ভাই হান্নান হোসেন রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, ‘ভাইয়ের হত্যার বিচার পেয়েছি। এখন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করলে খুশি হব।’