কাউনিয়ায় ৬ ইউপির ৩টিতে হার আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালট বাক্স
প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে নৌকার প্রার্থীরা পরাজিত হয়েছেন। বাকি তিনটির মধ্যে দুটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। একটিতে জয়ী হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা পারভীন গতকাল রোববার রাতে এই ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ইউপিতে আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীরা হলেন বালাপাড়া ইউনিয়নে আনছার আলী, সারাই ইউনিয়নে আশরাফুল ইসলাম ও শহীদবাগ ইউনিয়নে আবদুল হান্নান। বিজয়ী আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী হলেন টেপামধুপুর ইউনিয়নে রাশেদুল ইসলাম ও কুর্শা ইউনিয়নে আবদুল মজিদ। এ ছাড়া হারাগাছ ইউনিয়নে বিএনপির স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ জয়ী হয়েছেন।

বিজয়ী হওয়ার পর টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কার হওয়া সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা আছে বলেই আমাকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছে। এ জন্য আমি জনগণের কাছে কৃতজ্ঞ।’

কাউনিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, গতকাল শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।