কাউন্সিলরকে হত্যার হুমকির অভিযোগে যুবলীগ কর্মীর নামে জিডি
যশোরের কেশবপুরে এক পৌর কাউন্সিলরকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে যুবলীগ কর্মীর নামে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। আজ রোববার কেশবপুর থানায় কেশবপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিয়ার রহমান যুবলীগ কর্মী জামাল হোসেনের (৩২) নামে জিডি করেন। অভিযুক্ত জামালের বিরুদ্ধে দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন মামলা আছে।
জিডিতে অভিযোগ করা হয়েছে, কাউন্সিলর আতিয়ার রহমান তাঁর লোকজন নিয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি আসবাবের দোকানে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বসেছিলেন। এ সময় পৌর এলাকার যুবলীগ কর্মী জামাল হোসেন মুঠোফোনে কল করে একটি সালিসের বিষয়ে জানতে চেয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁকে হত্যার হুমকি দেন।
কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কাউন্সিলর বিশ্বাস শহীদুজ্জামান বলেন, ‘একসময় জামাল আমাদের কর্মী ছিলেন, এখন কোথাও তাঁর নাম নেই। তাঁকে আমরা কোনোভাবে প্রশ্রয় দিই না।’
হত্যার হুমকির বিষয়টি মিথ্যা বলে দাবি করে জামাল হোসেন বলেন, সালিসের বিষয়ে কাউন্সিলরের সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো ঘটনার সঙ্গেই তিনি সরাসরি যুক্ত নন। কোনো অপরাধ হলেই তাঁকে জড়িয়ে মামলা করা হয়।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দীন বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। জামাল খারাপ লোক, তাঁকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না। জামালের বিরুদ্ধে ঘের দখল, চাঁদাবাজিসহ থানায় সাতটি মামলা আছে।