বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে কাঙ্ক্ষিত চিকিৎসা না পেয়ে কয়েক শ রোগী বিক্ষোভ করেছে। জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে দোষী চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সদরের পাতারহাটে মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ করে চিকিৎসাবঞ্চিত রোগীরা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার বিভিন্ন চর ও প্রত্যন্ত এলাকা থেকে কয়েক শ রোগী চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আসে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন চিকিৎসা কর্মকর্তা রোগীর চিকিৎসাসেবা দিচ্ছিলেন। চিকিৎসক কম থাকায় সেবা নিতে আসা রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। বেলা ১১টার দিকে দাঁড়িয়ে থাকা রোগীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে তারা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ শুরু করে। বেলা একটা পর্যন্ত ওই বিক্ষোভ চলতে থাকে। পরে জেলা সিভিল সার্জন মনোয়ার হোসেন দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা সদরের বাসিন্দা মঞ্জুরুল আহসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বেশ কয়েকটি পদ দীর্ঘদিন ধরে শূন্য। যেসব চিকিৎসক কর্মরত আছেন, তাঁরাও প্রায়ই স্বাস্থ্য কমপ্লেক্সে অনুপস্থিত থাকেন। এ কারণে রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। অনেক রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নিরাশ হয়ে ফিরে যায়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এ কে এম নাজমুল আহসান জানান, কিছুদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন চিকিৎসক শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হয়ে যান। দুজন চিকিৎসক ঢাকায় অবস্থান করছেন। বর্তমানে তিনিসহ চারজন চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি দাবি করেন, গতকাল বহির্বিভাগে দুজন চিকিৎসক রোগীর চিকিৎসা দিচ্ছিলেন। রোগী বেশি হওয়ায় অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এ সময় কিছু রোগী হইচই শুরু করে।
এ ব্যাপারে জেলা সিভিল সার্জন মনোয়ার হোসেন বলেন, তিনি বিক্ষোভকারী রোগীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। রোগীদের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।