কাজ কম, বেড়েছে খরচ

সিটি করপোরেশনের আওতায় থাকা একটি সড়ক সংস্কারে দুই দফায় ঠিকাদার পরিবর্তন হয়েছে। সঙ্গে খরচও বেড়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন উপকরণ স্তূপ করে রাখা হয়েছে। গত সোমবার রংপুর শহরের কেরানীপাড়া এলাকায়
ছবি: মঈনুল ইসলাম

রংপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়ক সংস্কারে দুই দফায় ঠিকাদার পরিবর্তন হয়েছে। কাজ শেষ করার মেয়াদ পিছিয়ে এসেছে চলতি ডিসেম্বর মাসে। খরচ বেড়েছে প্রায় অর্ধকোটি টাকা। কিন্তু সংস্কারকাজ এখনো ৫০ শতাংশ বাকি।

শহরের কাছারিবাজার ট্রাফিক মোড় থেকে কেরানীপাড়া চারমাথা মোড় হয়ে পুলিশ ট্রেনিং সেন্টার পর্যন্ত দুই কিলোমিটার সড়ক প্রায় ১০ বছর ধরে বেহাল থাকার পর সংস্কারে গত বছর উদ্যোগ নেওয়া হয়েছিল। অফিস-আদালত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য প্রায় ১২টি পাড়া–মহল্লার বাসিন্দা এই সড়ক ব্যবহার করে। শীতে ধুলা আর বর্ষায় কাদার কারণে দুর্ভোগ পোহাতে হয় তাদের।

সড়কটি রংপুর সিটি করপোরেশনের আওতাভুক্ত। গত সোমবার সরেজমিনে দেখা যায়, দুই কিলোমিটার সড়কের অর্ধেক এলাকা পুলিশ ট্রেনিং সেন্টার থেকে মুন্সিপাড়া কেরামতিয়া স্কুল পর্যন্ত খুঁড়ে খোয়া বিছিয়ে করা হয়েছে। আর বাকি অংশে এখনো কাজ শুরু হয়নি।

পথচারীরা বলেন, এতটুকু রাস্তা এক বছর ধরে একটু একটু করে কাজ করা হচ্ছে। কখনো খোয়া বিছানো হয়। আবার কখনো কার্পেট তুলে ফেলা হয়। এসব কাজ করতে গিয়ে প্রায় সময়ই রাস্তা বন্ধ রাখা হয়। এখন কাজ আবার বন্ধ।

ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশনের প্রকল্প কো-অর্ডিনেটর প্রকৌশলী এ টি এম রাসেল জানান, নতুন ইট না ওঠায় সংকট দেখা দিয়েছে। এরপরও কাজটি দ্রুত শেষ করার চেষ্টা করা হচ্ছে।

সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, সড়কটি সংস্কারে গত বছরের জানুয়ারিতে প্রথম দরপত্র আহ্বান করা হয়। ৩ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে রাফি এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। তবে তারা কাজ করতে ব্যর্থ হওয়ায় চলতি বছরের এপ্রিলে নতুন করে দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় ঢাকার তমা কনস্ট্রাকশন। খরচ ধরা হয় ৩ কোটি ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।

প্রথম দফায় কার্যাদেশ পাওয়া ঠিকাদারের কাজ শেষ করার কথা ছিল গত বছর জুনে। কিন্তু ঠিকাদার কাজ শেষ করতে না পারায় দরপত্র বাতিল করা হয়। বর্তমান ঠিকাদারের কাজ শেষ করার কথা চলতি মাসে। তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন জানিয়েছেন, কাজ এখনো ৫০ শতাংশ বাকি। মানুষের দুর্ভোগের বিষয়ে তাঁরাও অবগত।

কেরানীপাড়ার বাসিন্দা জিয়াউল ইসলাম বলেন, ১০ বছরের বেশি সময় ধরে এই সড়কের কোনো সংস্কারকাজ হয়নি। এখন শুরু হলেও তা একেবারে ধীরগতিতে চলছে। কাজের জন্য সড়ক খুঁড়ে রাখায় অতিরিক্ত দুর্ভোগ যুক্ত হয়েছে।

সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, কাজ দ্রুত শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দেওয়া হচ্ছে।