কাজ না করেই টাকা পকেটে

এই কর্মসূচির অধীনে বরগুনার সদর উপজেলায় বুড়িরচর ইউনিয়নে ১৪টি প্রকল্পে ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়। অধিকাংশ প্রকল্পের টাকা আত্মসাৎ করা হয়েছে।

  • ইউপির সাবেক সদস্য, আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতারা এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন।

  • জেলা প্রশাসক কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা জেলার মানচিত্র

বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১৪টি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পিআইওর যোগসাজশে প্রকল্প কমিটির সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান প্রকল্পের টাকা নয়ছয় করেছেন। এ বিষয়ে ওই ইউপির বর্তমান চেয়ারম্যান ১৩ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনি এখনো কাবিটার টাকা আত্মসাতের বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরগুনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থবছরে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির ৪১টি প্রকল্পে ১ কোটি ১৭ লাখ ২২ হাজার ৪৯৭ টাকা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির ৮৭টি প্রকল্পে ৬৫ লাখ ৬১ হাজার ২৭২ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বুড়িরচর ইউনিয়নে ১৪টি প্রকল্পে বরাদ্দ করা হয় ৩২ লাখ টাকা। ইউপির সাবেক সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, জেলা ছাত্রলীগের সহসভাপতি ও স্থানীয় ব্যক্তিরা এসব প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন।

সরেজমিন দেখা যায়, বুড়িরচর ইউনিয়নের ১৪টি প্রকল্পের মধ্যে ৯ নম্বর ওয়ার্ডের চড়কগাছিয়া এলাকার ওয়ারেচ খন্দকার বাড়ি থেকে জয়নাল মুন্সি বাড়ি পর্যন্ত, চড়কগাছিয়া আনছার ফরাজি বাড়ির কালভার্ট থেকে পূর্ব দিকে চান মিয়ার বাড়ি পর্যন্ত, ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বুড়িরচর কালভার্ট থেকে ফারুক খলিফার বাড়ি পর্যন্ত, কামড়াবাদ তাহের মুসল্লির বাড়ি থেকে রস্তম ঘরামীর বাড়ি পর্যন্ত, পশ্চিম বুড়িরচর নয়াকাটা দুলালের বাড়ি থেকে আবু বক্করের বাড়ি পর্যন্ত, ৭ নম্বর ওয়ার্ডের চড়কগাছিয়া ফটিক গাজীর বাড়ি থেকে দক্ষিণ দিকে চান্দু মিয়ার বাড়ি পর্যন্ত, সোনাখালী সালাম মিয়ার বাড়ি থেকে পূর্ব দিকে রুস্তম মিয়ার বাড়ি পর্যন্ত এবং রুস্তম মিয়ার বাড়ি থেকে পূর্ব দিকে চুন্নু ভান্ডারির বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের প্রকল্প রয়েছে। কিন্তু এসব রাস্তায় কোনো কাজ হয়নি।

৯ নম্বর ওয়ার্ডের চড়কগাছিয়া এলাকার বাসিন্দা আবদুর সত্তার বয়াতি বলেন, ‘এই রাস্তায় গত ১০ বছরে কোনো কাজ হয়নি। বর্ষার মৌসুমে এ রাস্তা দিয়ে আমাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।’

ইউপির সাবেক সদস্য ও চড়কগাছিয়া এলাকার ওয়ারেচ খন্দকার বাড়ি থেকে জয়নাল মুন্সি বাড়ি পর্যন্ত, চড়কগাছিয়া আনছার ফরাজি বাড়ির কালভার্ট থেকে পূর্ব দিকে চান মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি কবির চৌধুরী বলেন, ‘দুটি প্রকল্পের কাজে অর্ধেক টাকা চেয়ারম্যানকে এবং ২০ পার্সেন্ট পিআইওকে দিতে হয়েছে। বাকি যে টাকা থাকে, তা দিয়ে আমি কী কাজ করব। তারপরও আমি বর্তমান চেয়ারম্যানকে বলেছি, বাকি কাজ করে দেব।’

৫ নম্বর ওয়ার্ডের কামড়াবাদ তাহের মুসল্লির বাড়ি থেকে রস্তম ঘরামীর বাড়ি পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়েছে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে। তিনি দাবি করেন, এই প্রকল্পের সব কাজ তিনি শেষ করেছেন।

তবে ওই প্রকল্পের শ্রমিক সরদার হেমায়েত গাজী বলেন, এই প্রকল্পের অধীন ৩০০-৪০০ ফুট রাস্তায় নামমাত্র মাটি ফেলে উভয় পাশ থেকে মাটি কেটে সমান করা হয়েছে। পাঁচ দিন কাজ করিয়ে তাঁদের মাত্র ২২ হাজার টাকা বিল দেওয়া হয়েছে।

বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও দুটি প্রকল্পের সভাপতি মাঈনুদ্দীন ময়না বলেন, ‘আমার দুটি প্রকল্পের বরাদ্দ থেকে অর্ধেক টাকা সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে দিতে হয়েছে। আমরা অসহায় ছিলাম। বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ন কবীর বলেন, ‘ইউনিয়নের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কের কাজ করার জন্য প্রকল্প তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে। ওই প্রকল্পগুলোতে গত অর্থবছরে কাজ সম্পন্ন হয়েছে বলে আমাকে জানানো হয়। তবে এসব প্রকল্পে বরাদ্দের অনুকূলে কাজ না করিয়ে এসব বিল তুলে নেওয়া হয়েছে। কাজ না করে বিল তুলে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসক কার্যালয়ে লিখিতভাবে অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বুড়িরচর ইউপির সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাকে টাকার দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। পিআইও এবং প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা এ বিষয়ে ভালো জানবেন।’

এ বিষয়ে বরগুনা সদর উপজেলার পিআইও জিয়াউর রহমান বলেন, ‘বুড়িরচর ইউনিয়নের দুটি প্রকল্প সরেজমিন পরিদর্শন করে দেখেছি। ওই দুই প্রকল্পে কোনো কাজই হয়নি। তবে এসব প্রকল্পের বিল আমার আগের পিআইও দিয়ে গেছেন।’

প্রকল্পের টাকা তুলে নিতে সহায়তা করার অভিযোগের বিষয়ে সদর উপজেলার সাবেক পিআইও ওয়ালিউল্লাহর মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।