কাজ শুরুর আগেই মেয়াদ শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ বিশেষ প্রকল্পের আওতায় ২৫৪টি প্রকল্প যথাসময়ে বাস্তবায়িত হচ্ছে না। সেই সঙ্গে ১৪৫টি স্থানে ধর্মীয় অনুষ্ঠানে আপ্যায়নের নামে বরাদ্দ নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রকল্পের অনুকূলে বরাদ্দপত্র উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছেছে গত বুধবার। বৃহস্পতিবার অর্থবছরের শেষ কর্মদিবসে কোনো অর্থ ছাড় করা হয়নি। অথচ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ উত্তোলন ও প্রকল্প বাস্তবায়নের শেষ সময়সীমা ছিল গত শুক্রবার।

২৫৪টি প্রকল্পে ৭০০ টন গমের মূল্য ২ কোটি ২ লাখ ৯৬ হাজার টাকা এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য ৩৮৫ টন গমের মূল্য ১ কোটি ১১ লাখ ৬৩ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ২৮ জুন বরাদ্দপত্র হাতে পাওয়ার পর ২৯ জন প্রকল্প সভাপতির কয়েকজন যোগাযোগ করেছেন। কিন্তু সময়স্বল্পতা ও প্রাকৃতিক দুর্যোগের (বৃষ্টিপাত) কারণে মাটির সংকট দেখা দেওয়ায় অর্থ ছাড় দেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে। পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (কাবিখা-২) মো. ঈশান আলী রাজা বাঙালী স্বাক্ষরিত পাঁচটি পত্রে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় ১২ জুন ৩০০ ও ৫০, ১৮ জুন ২০০, ২০ জুন ৫০ এবং ১৮ জুন গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় ১০০ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ২০ জুন অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত পত্রে ধর্মীয় অনুষ্ঠানে আপ্যায়ন খাতে ৩৮৫ টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি টন গমের মূল্য ২৮ হাজার ৯৯৪ টাকা ৮০ পয়সা দর হিসাবে টাকা উত্তোলনের সুযোগ রাখা হয়েছে।

ধর্মীয় অনুষ্ঠানের বরাদ্দ উত্তোলন প্রসঙ্গে পিআইও মিজানুর রহমান বলেন, বরাদ্দের অনুকূলে অর্থ উত্তোলনের জন্য কেউ কেউ চেষ্টা করেছেন। কিন্তু এসব অর্থ ছাড়ের জন্য শর্তানুযায়ী তথ্য দিতে না পারায় তা ছাড় করা হয়নি।

 ইউএনও আজাদ জাহান বলেন, প্রকল্পের সব অর্থ উত্তোলন করে পিআইওর কার্যালয়ের ব্যাংক হিসাবে রাখা হয়েছে। শিগগির প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের কার্যাদেশ দেওয়া হবে। কাজের মান সন্তোষজনক হলে অর্থ ছাড় করা হবে।

এদিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদগুলোকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দ নিয়ে চেয়ারম্যানদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও চিতলা ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, নিয়মানুযায়ী প্রতিটি ইউনিয়ন থেকে প্রকল্প তৈরির পর উপজেলা পরিষদ হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হবে। সেখান থেকে প্রকল্পের অনুকূলে বিশেষ বরাদ্দ আসার কথা। আলমডাঙ্গার বরাদ্দের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হয়নি। রাজনৈতিক মদদপুষ্ট একটি সংঘবদ্ধ চক্র লুটপাটের উদ্দেশ্যে ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দ নিয়ে এসেছে।

আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘বিশেষ প্রকল্পের নামে কে বা কারা ৭০০ টন গম বরাদ্দ এনেছে বলে শুনেছি। আমাকে দাপ্তরিকভাবে জানানো হয়নি। তবে কাজ না করে কেউ টাকা হজম করতে পারবে না।’