কাজ শেষ হওয়ার আগেই ধস

প্রায় ৪৮ কোটি ব্যয়ে সড়কের কাজ হচ্ছে। কাজ চলমান অবস্থাতেই একটু বৃষ্টিতে ব্লক ধসে গেছে। নিম্নমানের কাজ হওয়ায় ব্লক ধসে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা-পূর্বধলা সড়কের পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকায় ধলাই নদের পাশে অন্তত ৩০০ মিটার স্থানে ব্লক ধসে পড়েছে। সম্প্রতি তোলা ছবি
প্রথম আলো

নেত্রকোনা-পূর্বধলা সড়কের পূর্বধলা উপজেলার নারায়ণডহর এলাকায় ধলাই নদের পাশে প্রায় ৩০০ মিটার সড়কের ব্লকে ধস দেখা দিয়েছে। নির্মাণকাজ শেষ হওয়ার আগেই গত শুক্রবার বিকেলে বৃষ্টির পরপরই ব্লকগুলো ধসে যায়। অবশ্য এর আগেও কিছু স্থানে ব্লক ধসের ঘটনা ঘটে। নিম্নমানের কাজ হওয়ায় ব্লক ধসে গেছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।

ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, ওই স্থানে জায়গা কম থাকায় ভালো করে স্লোপ করা যায়নি। তাই এমন হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সওজ বিভাগের সঙ্গে কথা বলে জানা যায়, নেত্রকোনা-পূর্বধলা সড়কটি সংস্কার করতে ‘জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের’ আওতায় ২০১৯ সালের ১৫ জুলাই দরপত্র আহ্বান করা হয়। দুই মাস পর রানা বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ৪৮ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা। কাজের মেয়াদকাল ২০২০ সালের ২৩ মার্চ পর্যন্ত। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি নিজে কাজ না করে ভাওয়াল কনস্ট্রাকশন নামের অপর একটি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়।

নেত্রকোনা পৌরসভার সাতপাই সরকারি প্রাথমিক বিদ্যালয়-২ এলাকা থেকে পূর্বধলা জামতলা এলাকা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কটি ৫ দশমিক ৫ মিটার (১৮ ফুট) প্রশস্ত করার কথা বলা আছে কার্যাদেশে। সড়কের মধ্যে ৮টি বক্স কালভার্ট এবং নারায়ণডহর বাজারে ৩০০ মিটার আরসিসি ঢালাইয়ের কাজ রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে পারেনি। কাজের গড় অগ্রগতি হিসাবে এখনো প্রায় ৩৫ শতাংশ বাকি। মাত্র তিন কিলোমিটার সড়কে পিচঢালাই করা হয়েছে। বাকি অংশের কোথাও ম্যাকাডাম, কোথাও বেজ স্টাইপ ওয়ানের কাজ শেষ হয়নি।

স্থানীয় লোকজনের অভিযোগ, সওজের কর্মকর্তাদের সহযোগিতায় ঠিকাদারেরা নিম্নমানের কাজ করায় উদ্বোধনের আগেই ব্লকগুলো ধসে গেছে। অথচ এই কাজ শুরুর দিকে পাথর ও সিমেন্টসহ বিভিন্ন ধরনের নিম্নমানের সামগ্রী ব্যবহার করা নিয়ে অভিযোগ করছিলেন তাঁরা।

ভাওয়াল কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফকরুদ্দিন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কিছু ব্লক ধসে গেছে। সড়কের পাশে জায়গা কম থাকায় ভালো করে স্লোপ করা যায়নি। তাই এমন হয়েছে। আমরা কাজ শুরুর আগেই সওজ কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এখন ডাম্পিং ব্লক বসিয়ে পরে সিসি ব্লক বসানো হবে।’ তিনি আরও বলেন, কাজের গুণগত মান মন্দ হয়নি। মানুষ মিথ্যা অপবাদ দিচ্ছে। আর কাজের মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

নেত্রকোনা সওজের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম বলেন, ‘আজ আমার শেষ কর্মদিবস। অনুগ্রহ করে বিষয়টি কার্যালয়ের অন্য কারও কাছে জেনে নিন।’ সড়কটির কাজ দেখভাল করার দায়িত্বে থাকা সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. মাঈদুল ইসলাম বলেন, নারয়ণডহর এলাকায় নদের পাশের ৪২০ মিটার এলাকার ব্লকের কাজে নিচে জিও ব্যাগ দিয়ে ডাম্পিং ব্লক ও গাইড ওয়াল করে সিসি ব্লক দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু বাজেটে শুধু সিসি ব্লক ধরা। এ ছাড়া জায়গা কম থাকায় স্লোপ করা যায়নি। তাই এমন ধসের ঘটনা ঘটেছে। নতুন করে ব্লক স্থাপন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয়েছে।