কাজ শেষে বাড়িতে ফেরা হলো না আইনজীবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আইনজীবী জাহিদ হাসান
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ আদালতের কাজ শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সদস্য জাহিদ হাসান (২৮)। আজ রোববার দুপুরে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত আইনজীবী জাহিদ হাসান মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ‌বালাশুর গ্রামের রঞ্জু মীরের ছেলে।

অপর আইনজীবী ব ম শামীম জানান, মুন্সিগঞ্জ আদালত ভবন থেকে কাজ সেরে রোববার দুপুরে জাহিদ হাসান মোটরসাইকেলে শ্রীনগর উপজেলার বালাশুর গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে সিরাজদিখান উপজেলার ইছাপুরা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই জাহিদ হাসান গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রোজিন ইয়াসমিন জানান, ‘আমাদের আইনজীবী সমিতির সদস্য জাহিদ হাসান আদালতের কাজ শেষে বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির সদস্যপদ পান।’

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়েছি। এরপর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।’