কাজ শেষের আগেই ভেঙে পড়ল বারান্দার রেলিং

বিদ্যালয়ে ২৪টি রেলিং রয়েছে। সেগুলো ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারকে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের চারতলা ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। ভবনের বারান্দার রেলিংগুলো ভেঙে যাচ্ছে
ছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি বিদ্যালয়ের ভবন নির্মাণে ঠিকাদার অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। কাজ শেষ হওয়ার আগেই বারান্দার রেলিং ভেঙে পড়েছে। গতকাল মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের প্রমাণ পাওয়ায় ঠিকাদারকে ২৪টি রেলিং ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছেন উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা।

তেজখালি ইউনিয়ন উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার নিম্নমানের কাজের বিষয়ে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালে বিদ্যালয়ের নতুন চারতলা ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। ২ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ের নির্মাণকাজটি পায় ব্রাহ্মণবাড়িয়ার মেসার্স জে বি বিল্ডার্স এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। জে বি বিল্ডার্স এন্টারপ্রাইজ কাজটি পেলেও বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মোর্শেদুল ইসলাম। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়। দেড় বছরের মধ্যে কাজটি শেষ করার কথা ছিল।

নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ শেষ হয়নি। নতুন ভবনের মেঝে, বারান্দার রেলিং, দরজার ফ্রেমের কাজ করা হয়েছে। কিন্তু নির্মাণের উপকরণ প্রয়োজনীয় অনুপাতে না দেওয়ায় এসব নষ্ট হয়ে যাচ্ছে। বারান্দার রেলিংগুলোতে প্রয়োজনীয় রড না দেওয়ার কারণে সেসব ভেঙে পড়েছে। সিমেন্টের পরিমাণ কম দেওয়ায় পলেস্তারা খসে পড়ছে।

শিক্ষকেরা বলেন, ভবনের বারান্দার রেলিংগুলোতে চারটি রডের বদলে দুটি করে রড ব্যবহার করেছেন ঠিকাদার। তা ছাড়া সিমেন্টও প্রয়োজন অনুপাতে কম দেওয়া হয়েছে। ফলে ফাটল দেখা দিয়েছে, পলেস্তারা খসে পড়ছে। প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন বলেন, দেড় বছরের কাজ তিন বছরে গড়িয়েছে। একাধিকবার তাগাদা দিলেও কাজ শেষ করতে টালবাহানা করেছেন ঠিকাদার।

ঠিকাদার মোর্শেদুল ইসলাম বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। তবে করোনার কারণে কাজ শেষ করতে সময় লেগেছে। নির্মাণকাজের প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করে দেওয়া হবে।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল আহসান বলেন, নির্ধারিত সময়ের পর এক বছর পেরিয়ে গেলেও নির্মাণকাজ শেষ হয়নি। এ বিষয়ে কথা বলতে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ডাকা হয়েছে।

উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. শাহনেওয়াজ বলেন, বিদ্যালয়ের ভবন নির্মাণে নিম্নমানের কাজ হয়েছে। গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয়ের নিচতলা থেকে চারতলা পর্যন্ত ২৪টি ব্লক আকারের রেলিং রয়েছে। ঠিকাদারকে সেগুলো ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে রেলিং নির্মাণ করা হবে।