কাজীরহাটে পন্টুন ভেঙে ফেরি চলাচল বন্ধ, চার শতাধিক ট্রাক আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার কাজীরহাট ফেরিঘাটের একমাত্র পন্টুনটি ভেঙে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

পণ্যবাহী ট্রাক নিয়ে চার দিন আগে পাবনার বেড়া উপজেলার কাজীরহাট ফেরিঘাটে এসেছেন ইসমাইল হোসেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর তিনি সারির সামনে চলে আসায় ফেরিতে ওঠার অপেক্ষায় ছিলেন। কিন্তু ওই দিন রাত আটটার দিকে ফেরিঘাটের পন্টুন ভেঙে যাওয়ায় ফেরিতে ওঠার আর সুযোগ পাননি। কখন ফেরিতে উঠে পার হতে পারবেন, তারও নেই কোনো নিশ্চয়তা।

ইসমাইল হোসেন বলেন, ‘পাবনা শহরের থ্যা ট্রাকে গেঞ্জি নিয়্যা ঘাটে আইস্যা ফাঁইস্যা গেছি। চার দিন ধইর্যা থাকা, খাওয়া আর বাথরুম নিয়্যা কী যে কষ্ট করতেছি, তা বলার মতো নয়। পেছনে যানজট হওয়ায় এখন ঘাটের থ্যা ফির‌্যা যমুনা (বঙ্গবন্ধু) সেতু দিয়্যাও ঢাকা যাব্যার পারতেছি না।’

ইসমাইল হোসেনের মতো কাজীরহাট ফেরিঘাটে গিয়ে এভাবে ফেঁসে গেছেন চার শতাধিক ট্রাকচালক। ফেরিসংকটের কারণে কাজীরহাট থেকে আরিচায় পার হতে এমনিতেই দুই-তিন দিন আটকে থাকতে হচ্ছিল। এরই মধ্যে শুক্রবার (২৯ অক্টোবর) রাত আটটার দিকে ফেরিঘাটের একমাত্র পন্টুনটি ভেঙে গেছে। এতে ফেরিঘাটে কোনো ফেরি ভিড়তে না পারায় বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল।

ফেরিঘাটের ভেঙে যাওয়া পন্টুনের কাছে শুক্রবার রাত থেকে নোঙর করে আছে আরিচা থেকে যানবাহন নিয়ে আসা দুটি ফেরি। এ দুটি ফেরিতে থাকা যানবাহনের চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। তবে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন আরিচায় যাওয়ার জন্য কাজীরহাট ফেরিঘাটে এসে আটকে পড়া যানবাহনের শ্রমিক ও যাত্রীরা। ফেরি চলাচল বন্ধ থাকার খবর না পেয়ে প্রতিনিয়ত এই ঘাটে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আসছে। এতে যানবাহনের সারি আরও দীর্ঘ হচ্ছে।

যাত্রী ও যানবাহনের চালকেরা অভিযোগ করেন, কাজীরহাট-আরিচা নৌপথে ছয় থেকে সাতটি ফেরির প্রয়োজন। কিন্তু চালু রয়েছে চারটি। যে চারটি চালু রয়েছে, সেগুলো একদিকে যেমন ছোট ও ধীরগতির, তেমনি ত্রুটিযুক্ত। ফলে কাজীরহাট ফেরিঘাটে আরিচায় পার হতে আসা যানবাহনের ভিড় লেগেই থাকে। এর ওপর এই ঘাটে ফেরিতে যানবাহন ওঠা-নামার জন্য রয়েছে মাত্র একটি পন্টুন। শুক্রবার রাতে সেটিও ভেঙে গেলে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

আজ শনিবার বেলা দুইটার দিকে ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিঘাট থেকে শুরু করে কাশিনাথপুর-কাজীরহাট সড়কের প্রায় তিন কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। এ ছাড়া ছোট গাড়িসহ অন্যান্য যানবাহন ঘাটে আসায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এ অবস্থায় চরম দুর্ভোগ পোহাতে দেখা যায় পাণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের শ্রমিক ও যাত্রীদের।

পন্টুনের কাছে গিয়ে দেখা যায়, একটু দূরে আরিচা থেকে বিভিন্ন যানবাহন নিয়ে ঘাটে ভেড়ার অপেক্ষায় নোঙর করে আছে ‘কপোতী’ ও ‘গোলাম মওলা’ নামের দুটি ফেরি। পন্টুন মেরামত না করা পর্যন্ত ফেরি দুটিকে এভাবে থাকতে হবে বলে ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

পন্টুন ভেঙে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাবনার কাজীরহাট ফেরিঘাটের সড়কে আটকা পড়েছে চার শতাধিক ট্রাক। আজ শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

ঘাটে আটকে থাকা রওশন আলমসহ সাত-আটজন ট্রাকচালক ক্ষুব্ধ হয়ে জানান, এই নৌপথে সাত থেকে আটটি ফেরির প্রয়োজন। অথচ দেওয়া হয়েছে চারটি দুর্বল ও ছোট ফেরি। পন্টুন ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেটি মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে না। এই ঘাটের প্রতি বিআইডব্লিউটিসির চরম অবহেলা রয়েছে।

বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, ভেঙে যাওয়া পন্টুনটি সরিয়ে ওই স্থানে নতুন পন্টুন বসানোর কাজ চলছে। এ জন্য আরিচা থেকে ইতিমধ্যেই নতুন পন্টুন নিয়ে আসা হয়েছে। শনিবার বিকেলের মধ্যে পন্টুন বসানোর কাজ শেষ হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।