খুলনার বটিয়াঘাটা উপজেলায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সড়কে নবনির্মিত দুটি বক্স কালভার্ট কোনো কাজে আসছে না। একটি কালভার্টের মুখ বালু দিয়ে পুরোটা ভরাট করা হয়েছে। অন্যটির মুখ বাঁধ দিয়ে আটকানো। এ কারণে কালভার্ট দুটি দিয়ে পানি কোনো দিকেই যাওয়া-আসা করতে পারে না।
এতে একদিকে ফসল উৎপাদনে যেমন বিঘ্ন ঘটছে, অন্যদিকে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সওজের খুলনা কার্যালয় সূত্রে জানা গেছে, সওজ বিভাগের অধীনে থাকা গল্লামারী সেতু থেকে নলিয়ান পর্যন্ত ‘গল্লামারী বটিয়াঘাটা দাকোপ নলিয়ান ফরেস্ট’ জেলা সড়কটির দূরত্ব ৫৪ কিলোমিটার। ২০২০-২১ অর্থবছরে ওই সড়কের বটিয়াঘাটা সদরের ইসলামিক ফাউন্ডেশনের মসজিদের সামনে হাটবাটি এলাকায় এবং হেতালবুনিয়ার প্রেমকানন সড়কসংলগ্ন এলাকায় দুটি আরসিসি বক্স কালভার্ট তৈরির অনুমোদন দেওয়া হয়। কালভার্ট দুটির প্রতিটির দৈর্ঘ্য ৬ মিটার করে। কালভার্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে ২ কোটি ৬ লাখ টাকা। ২০২১ সালে নির্মাণকাজ শেষ হয়। ওই দুই স্থানে আগেই কালভার্ট ছিল।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, হাটবাটি এলাকায় নির্মিত কালভার্টের মুখে বাঁধ। কালভার্টের সংলগ্ন খালে পানি কোনো দিকেই যাওয়া-আসা করতে পারছে না। হাটবাটি কালভার্ট থেকে কিলোমিটার খানেক দক্ষিণে সড়কের হেতালবুনিয়া পয়েন্ট। সেখান থেকে একদিকে বটিয়াঘাটা কলেজ রোড, অন্যদিকে প্রেমকানন রোড চলে গেছে। কালভার্টের নিচে খালের কোনো চিহ্ন নেই। কলেজ রোড শুরুর স্থান থেকে সড়কের গা ঘেঁষে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। আর কালভার্টের ঠিক মুখে বালু ভরাট করা।
কলেজ রোড এলাকার বাসিন্দা সুধাময় ঢালী বলেন, আগে এখানে পুরোনো কালভার্ট ছিল। সেখানেই নতুন করে কালভার্ট হয়েছে। তবে কালভার্টের পাশেই ব্যক্তিগত জায়গা বলে শুনেছি। কেন এখানে কালভার্ট হয়েছে, বুঝতে পারি না। পানি সরানোর কোনো ধরনের সুযোগ এই কালভার্ট থেকে পাওয়া যাবে না। ফসল লাগানোয় সমস্যা তো আছেই, ভারী বৃষ্টি হলে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হবে।
এদিকে হাটবাটি কালভার্টটি কাজে না আসায় ওই বিলে ফসল আবাদ বাধাগ্রস্ত হচ্ছে। হাটবাটি বিলে রবি মৌসুমে ডাল ও তিলের আবাদ করে থাকেন কৃষকেরা। এ বছর পানি না সরায় বিলের মাটি ঠিক সময়ে শুকায়নি। এতে বিলটিতে কোনো ফসলের আবাদ সম্ভব হয়নি।
ওই বিলের কৃষক কৃষ্ণপদ মণ্ডল বলেন, ‘এই বিলে আমার চার বিঘা জমি আছে। বিলের কয়েক শ বিঘা জমির পানি এই কালভার্ট দিয়ে বের হয়। এ বছর কালভার্ট আটকানো থাকায় আমন ধান ডুবে ছিল। ধান কাটতে সমস্যা হয়েছিল। বিল ঠিক সময়ে না শুকানোয় ডাল–তিলের আবাদ হয়নি। এদিকে কালভার্টের সামনে ৩০ ফুট চওড়া যে খাল ছিল, সেটা বিভিন্ন জন ভরাট করে ফেলছে।’
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের খুলনা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবু নাঈম প্রথম আলোকে বলেন, ‘আগে থেকেই ওখানে কালভার্ট ছিল। হেতালবুনিয়া পয়েন্টে যখন কালভার্ট করেছি, তখন ফসলি জমিই ছিল। কালভার্ট শেষ করার পর ব্যক্তিগত জমির মালিক বালু ভরাট করেছেন। তবে সড়কের কিছু জায়গাতেও ভরাট করা হয়েছে। সওজের জায়গা থেকে বালু সরানোর জন্য বলেছি।’
হাটবাটির কালভার্টের বিষয়ে তিনি বলেন, ‘নির্মাণের জন্য যে বাঁধ দেওয়া হয়েছিল, সেটা ঠিকাদার অপসারণ করেননি। অবশ্য ওই কালভার্টের পাশে যে মসজিদ আছে, সেই মসজিদ কমিটি ওই বাঁধের বালুটা ব্যবহারের জন্য নিতে চেয়েছিল। বর্ষাকালের আগে আমরা বাঁধ অপসারণ করে দেব।’