পঞ্চগড় সদর
কাজে আসছে না রাবার ড্যাম
তালমা নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি ভরা বোরো মৌসুমে ছয় ফুট ফোলানোর কথা থাকলেও বর্তমানে তিন ফুট ফোলানো রয়েছে।
পঞ্চগড়ের তালমা রাবার ড্যামটি বোরো মৌসুমে কৃষকের কাজে আসছে না। কৃষকেরা অভিযোগ করেন, বালু ব্যবসায়ীদের বাধার মুখে রাবার ড্যামটি পুরোপুরি ফোলানো যাচ্ছে না। এর ফলে উজান এলাকার কৃষকেরা তালমা নদীর পানি ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে গত ৩০ জানুয়ারি জেলা প্রশাসকের কাছে ১৫৭ জন কৃষক একটি অভিযোগ দিয়েছেন।
গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার তালমা নদীর ওপর নির্মিত রাবার ড্যামটি ভরা বোরো মৌসুমে ছয় ফুট ফোলানোর কথা থাকলেও বর্তমানে তিন ফুট ফোলানো রয়েছে। রাবার ড্যামের ওপর নির্ভর করে বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নদীতে বসানো চারটি সেচযন্ত্রের মধ্যে চালু রয়েছে দুটি। পর্যাপ্ত সেচসুবিধা না থাকায় ওই এলাকার কৃষকেরা বোরো আবাদের পরিবর্তে গম, ভুট্টা, বাদামসহ অন্য ফসলের আবাদ করেছেন। তালমা রাবার ড্যাম ক্যাচম্যান এলাকায় চলতি মৌসুমে মাত্র ২০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে বলে জানান কৃষকেরা।
এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, রাবার ড্যামটি নির্মাণ করার পর মাত্র এক বছর কয়েক শ হেক্টর জমিতে সেচ দেওয়া গেছে। এখন নানা জটিলতায় বোরো চাষ নেমে এসেছে ২০ থেকে ২৫ হেক্টরে। রাবার ড্যাম ফোলাতে নদী থেকে বালু উত্তোলনকারী ব্যবসায়ীরা বাধা দিচ্ছেন। কারণ, ড্যাম ফুলিয়ে পানি বেশি জমালে বালু তুলতে অসুবিধা হয় ব্যবসায়ীদের। এ ছাড়া পানিপ্রবাহের নালা ভেঙে যাওয়া, বারবার ড্যাম ক্ষতিগ্রস্ত হওয়াসহ নানা কারণে পর্যাপ্ত সেচসুবিধা পাচ্ছেন না কৃষকেরা। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নদীতে চারটি সেচযন্ত্র (লোলিপ্ট পাম্প) বসানো হয়েছে। কিন্তু নদীতে পর্যাপ্ত পানি না থাকায় বেশির ভাগ সময় পাইপ দিয়ে পানির সঙ্গে বালু ওঠায় এসব পাম্পের পাইপ ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে।
তালমা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আজাদ হোসেন বলেন, রাবার ড্যামটি ক্ষতিগ্রস্ত থাকায় গত দুই মৌসুম ড্যামটি কৃষকদের কোনো কাজে আসেনি। এবার ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ড্যামটি প্রায় ছয় ফুট ফোলানো হয়েছিল। এরপর বালু ব্যবসায়ীদের চাপে ড্যাম এখন আড়াই থেকে তিন ফুট ফোলা অবস্থায় রাখা হয়েছে। এতে ভাটির দিকে পানি নেমে যাচ্ছে, কৃষকেরা সেচসুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক রাবার ড্যাম এলাকা পরিদর্শন করেছেন এবং বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।
বালু ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, তালমা নদীর বালুমহাল সরকারের কাছ থেকে ইজারা নিয়ে তাঁরা বালু উত্তোলন করেন। এই বালু উত্তোলনের সঙ্গে এলাকার ছয় শতাধিক শ্রমিক জড়িত। রাবার ড্যামটি সরকারি সম্পদ। তাঁরা যদি বাঁধটি ফোলাতে চায় তাহলে তাঁদের কোনো আপত্তি নেই। তবে এতে অনেক শ্রমিক বেকার হয়ে যাবেন। রাবার ড্যাম ফোলানো বা না ফোলানোর বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কোনো চাপ নেই।
তালমা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বর্তমান সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ জামান বলেন, তাঁরা সম্প্রতি দায়িত্ব নিয়েছেন। ড্যামটি পুরোপুরি ফোলানোর নির্দেশনাসংবলিত একটি চিঠি জেলা প্রশাসকের কাছ থেকে পেয়েছেন। বিষয়টি নিয়ে দুটি সভাও হয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৫-০৬ অর্থবছরে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে রাবার ড্যামটি নির্মাণ করা হয়। একই সঙ্গে ওই নদীসংলগ্ন হাফিজাবাদ ও কামাত কাজলদিঘী ইউনিয়নের বেশ কিছু এলাকায় সেচসুবিধা দেওয়ার জন্য প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পানিপ্রবাহের একটি নালা (চ্যানেল) নির্মাণ করা হয়। এতে ১৯টি গ্রামের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমির সেচসুবিধা পাওয়ার কথা। রাবার ড্যামটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন করা হয়। বর্তমানে তালমা রবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যসংখ্যা ৪০০।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কৃষকদের সুবিধার জন্য তদন্ত সাপেক্ষে সব ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাতে ড্যাম এলাকায় পাহারা রাখা হবে।