কাজে আসছে না সেতু, নদী পারাপারে ভরসা নৌকা

  • ২০০৬ সালে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু উদ্বোধন করা হয়।

  • যথাযথ স্থানে সেতুটি নির্মিত না হওয়া এটা তেমন উপকারে আসছে না।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকি নদীর ওপর নির্ধারিত স্থানে সেতু নির্মাণ না হওয়ায় মানুষের কাজে আসছে না। তাঁদের খেয়ানৌকায় পার হতে হচ্ছে। পটুয়াখালীর বাউফল উপজেলায়
ছবি: প্রথম আলো

সঠিক স্থানে নির্মাণ না করায় পটুয়াখালীর বাউফল উপজেলার আলোকী নদীর ওপরের নুরাইনপুর-ভরিপাশা সেতুটি সাধারণ মানুষের কাজে আসছে না। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণের পরও আগের মতোই খেয়ানৌকায় নদী পারাপার হচ্ছে এলাকাবাসী। এমনকি সরকারিভাবে প্রতিবছর খেয়াঘাটের ইজারাও দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার সূর্য্যমনি ও কেশবপুর ইউনিয়নের মানুষের দুর্ভোগ লাঘবে ২০০০-০১ অর্থবছরে নুরাইনপুর-ভরিপাশা খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। পরে ২০০১ সালে বিএনপি সরকার এসে স্থান পরিবর্তন করে প্রায় পাঁচ শ মিটার উত্তরে অপরিকল্পিতভাবে সেতুটি নির্মাণ করে। ২০০৬ সালের ১৬ জুলাই এটি উদ্বোধন করা হয়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ১৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতু নির্মাণের পরও আগের মতোই খেয়ানৌকায় নদী পারাপার হচ্ছে এলাকাবাসী।

এলাকাবাসী জানান, সেতু নির্মাণের পরও খেয়া পারাপার বন্ধ হয়নি। চলতি বছরও সরকারিভাবে খেয়াঘাটের ইজারা দেওয়া হয়েছে। এ বছর ২ লাখ ৫৩ হাজার টাকায় খেয়াঘাটের ইজারা পেয়েছেন ভরিপাশা গ্রামের শফি মিয়া (৪৫)। তিনি বলেন, সেতু নির্মাণের পরও মানুষ আগের মতো নৌকায় নদী পার হচ্ছে।

সূর্য্যমনি ও কেশবপুর ইউনিয়নের মাঝখান দিয়ে বয়ে গেছে আলোকী নদী। সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুরে রয়েছে একটি বড় বাজার, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, একটি ফাজিল মাদ্রাসা ও একটি লঞ্চঘাট। সব মিলিয়ে কেশবপুর ইউনিয়নের মানুষকে প্রতিদিনই নুরাইনপুরে আসতে হয়। স্থানীয় বাসিন্দারা জানান, নদী পারাপারে তাঁদের একমাত্র মাধ্যম ছিল নৌকা। এ দুর্দশা লাঘবে সেতুটি নির্মাণ করা হয়েছিল।

সম্প্রতি গিয়ে দেখা যায় কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের বাসিন্দা আলাউদ্দিন মৃধা (৬০) নৌকায় নদী পার হচ্ছিলেন। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, প্রতিদিন তিনি নুরাইনপুর বাজারে আসা-যাওয়া করেন। কিন্তু যে স্থান দিয়ে মানুষ সহজে যাতায়াত করে, সেখানে সেতু নির্মাণ করা হয়নি। তাই এলাকার অধিকাংশ মানুষ সেতু দিয়ে যাতায়াত না করে নৌকায় নদী পার হয়।

কেশবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও কেশবপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সালেহ উদ্দিন বলেন, জনগণের চাওয়ামতো যথাযথ স্থানে সেতুটি নির্মিত না হওয়া এটা তেমন উপকারে আসছে না।

সূর্য্যমনি ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সেতুটির স্থান নির্ধারণ করা হয়েছিল বলে বিএনপি সরকার এসে তা বাদ দিয়ে অন্য স্থানে সেতুটি নির্মাণ করেছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেতুর সুফল থেকে বঞ্চিত সাধারণ জনগণ।

উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, সেতু নির্মাণ হয় জনস্বার্থে। সেটা সঠিক স্থানে নির্মিত না হলে তা জনগণের উপকারে আসবে না, এটাই স্বাভাবিক।