সাতক্ষীরা সদর উপজেলার হাজিখালি খালে পানিনিষ্কাশনের জন্য প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি জলকপাট কাজে আসছে না। বেতনা নদীতে পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে অতিবৃষ্টিতে ওই এলাকার ১০ গ্রামের মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছে। এক মাসের বেশি সময় প্রায় ২৫ হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, উপকূলীয় জেলা হিসেবে সাতক্ষীরায় বন্যা নিয়ন্ত্রণ, পানিনিষ্কাশন, কৃষিজমি সম্প্রসারণ ও লবণাক্ততার হাত থেকে রক্ষা পেতে পোল্ডার রয়েছে সাতটি। এর মধ্যে পোল্ডার নম্বর ২ ও ২ (সম্প্রসারণ)–এর অধীনে রয়েছে সাতক্ষীরা সদর, কলারোয়া ও আশাশুনি উপজেলা। পোল্ডারের পূর্ব দিকে বেতনা নদী এবং দক্ষিণ-পশ্চিমে মরিচ্চাপ নদীবেষ্টিত। এ প্রকল্পের আওতায় উপকৃত এলাকার জমির পরিমাণ ১১ হাজার ২৯৬ হেক্টর। এখানে বাঁধ রয়েছে ৬২ দশমিক ৯৫০ কিলোমিটার ও জলকপাট রয়েছে ২১টি। খাল রয়েছে ৬৫ দশমিক ২২০ কিলোমিটার।
বেতনা নদীর হাজিখালি বিলের খালের মুখে ২০১৮-১৯ অর্থবছরে একটি জলকপাট নির্মাণ করা হয়। এতে ব্যয় হয় ১ কোটি ৮৭ লাখ টাকা। তবে যে উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল, তা পূরণ হয়নি; বরং জলকপাটটি স্থানীয় লোকজনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
পানিনিষ্কাশন না হওয়ায় সদর উপজেলার বেতনা নদীর তীরের গ্রামগুলো ডুবে রয়েছে পানিতে। গত জুলাই মাসের তিন দিনের অতিবৃষ্টিতে গ্রামের পর গ্রাম তলিয়ে যায়। ঘরবাড়ি, মাছের ঘের, রাস্তাঘাট ডুবে রয়েছে প্রায় এক মাস। পানিনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই।
মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাহান আলী বলেন, ভালুকাচাঁদপুর, কোমরপুর, জাহানাবাদ, ধুলিহর, ফয়জুল্লাহপুর, দরবস্তিয়া, বাগুইগাছা, বড়দল, গোবিন্দপুর ও চ্যালারডাঙ্গা গ্রামের পানিনিষ্কাশনের জন্য ওই এলাকায় একটি জলকপাট ছিল। সেটি নষ্ট হয়ে গেলে পরে আরেকটি জলকপাট নির্মাণ করা হয়। কিন্তু ভুল পরিকল্পনার কারণে জলকপাট দিয়ে এক ফোঁটাও পানিনিষ্কাশন হয় না।