প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে রংপুর নগরের শাপলা চত্বর থেকে রেলওয়ে স্টেশন ও তাজহাট সড়ক সংস্কার এবং নালা নির্মাণকাজ দীর্ঘ আড়াই বছরেও শেষ হয়নি। এতে নগরবাসীর দুর্ভোগ চরমে উঠেছে।
দ্রুত কাজ শেষ করার তাগিদ দিয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে রাকা এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠিও দেওয়া হয়েছে। এরপরও ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজে গড়িমসি করছে বলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন প্রথম আলোকে জানিয়েছেন। সর্বশেষ গত সোমবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, এই সড়কের দূরত্ব প্রায় তিন কিলোমিটার। ২০১৫ সালের জুন মাসে রাস্তা সংস্কার ও দুই দিকের নর্দমা নির্মাণে ১১ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়। কাজটি শেষ হওয়ার কথা ছিল গত বছরের জুনে। কিন্তু নির্ধারিত এক বছর সময় পেরিয়ে আড়াই বছরে এসে ঠেকেছে। তারপর এই দীর্ঘ সময়ে নির্মাণকাজ হয়েছে মাত্র ৫০ শতাংশ। এ পর্যন্ত ঠিকাদারকে ৪ কোটি ৬১ লাখ টাকা দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, শহরের শাপলা চত্বর থেকে রেলওয়ে স্টেশন ও তাজহাট পর্যন্ত সড়কটি বেহাল। যানবাহনসহ নাগরিকদের হাঁটাও কষ্টকর হয়ে উঠেছে। যন্ত্রপাতি, মালামাল ও নর্দমার খোঁড়া মাটি সড়কের মধ্যে দীর্ঘদিন ধরে পড়ে থাকায় যানবাহন চলাচলে চরম সমস্যা হচ্ছে।
রেলওয়ে স্টেশন রোডের ঠিকাদারপাড়া এলাকায় দেখা গেল, সড়কের দুই দিকে নর্দমা নির্মাণের এক দিকের নির্মাণকাজ শেষ হলেও নর্দমার ওপরের ঢাকনা এখনো বসানো হয়নি। আর এক দিকে খুঁড়ে রাখা হয়েছে। সড়কের অধিকাংশ এলাকায় পড়ে আছে মাটি, বালু ও পাথর। এসব সরানোর তেমন কোনো উদ্যোগ নেই। তারপর সড়কে খানাখন্দ। ফলে পুরো সড়ক সংকুচিত হয়ে গেছে। ব্যবসায়ীরা দোকান খুললেও মালামাল আনা-নেওয়া করতে পারেন না। সেই সঙ্গে ক্রেতারাও দোকানে যেতে পারছেন না।
ঠিকাদারপাড়া এলাকায় সড়কের দুই পাশের অধিকাংশ দোকান লোহালক্কড়, লেদ মেশিন, মোটর পার্টসের দোকান। রফিক মেশিনারিজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাস্তা ও নর্দমা খুঁড়ে রাখা হয়েছে। কিন্তু কাজ বন্ধ। মানুষজন যে মালামাল কিনতে আসবে তারও কোনো উপায় নেই।
একই এলাকার মেসার্স সানি আয়রন প্রতিষ্ঠানের মালিক মনির হোসেন বলেন, রাস্তা খোঁড়ার কারণে ট্রাকে মালামাল আনা সম্ভব হচ্ছে না। করিম মেটাল ওয়ার্কস প্রতিষ্ঠানের মালিক আবদুস সাত্তার বলেন, নর্দমার মাটি খুঁড়ে রাস্তায় ফেলে রাখা ও পাথর পড়ে থাকার কারণে চলাচল করাও কষ্টসাধ্য। এমন অভিযোগ শতাধিক ব্যবসায়ীর।
এই সড়কের বাবুপাড়া এলাকায় কয়েক মাস আগে সড়ক সংস্কারের জন্য অর্ধেক খুঁড়ে রাখা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। চলাচল করতে গিয়ে যে কেউ খানাখন্দে পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এলাকার ব্যবসায়ী জাভেদ ট্রেডার্সের মালিক আবেদ আলী বলেন, মাসের পর মাস রাস্তার অর্ধেক খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু নির্মাণের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। দুর্ভোগের কথা সিটি করপোরেশনকে অনেকবার জানিয়েও কোনো কাজ হয়নি।
এই সড়কের আলমনগর-নূরপুর এলাকায় সাত মাস ধরে নর্দমায় কোনো ঢাকনা বসানো হয়নি। নিজ উদ্যোগে ছোট ছোট কাঠ বসিয়ে এখানকার ব্যবসায়ীরা ঝুঁকি নিয়ে পারাপার করছেন। নূরপুর এলাকার রূপান্তর ট্রেডার্সের মালিক সেলিম সরকার বলেন, ‘দীর্ঘ সময় ধরে নর্দমার ওপরের ঢাকনা না বসানোয় আমাদের কী যে দুর্ভোগ হয়েছে, তা তো দেখতেই পারছেন।’ একই এলাকার আনিকা ডিপার্টমেন্ট স্টোরের মালিক মনিরুল আলম বলেন, ‘আমাদের ব্যবসা লাটে ওঠার উপক্রম হয়েছে।’
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আজম আলী নগরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্মাণকাজ শেষ করার জন্য একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কাজ বন্ধ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাড়া না পাওয়ার কারণে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আড়াই বছরে মাত্র ৫০ শতাংশ কাজ হয়েছে বলে জানান তিনি।
ঠিকাদারি প্রতিষ্ঠান রাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর হোসেন বলেন, একসঙ্গে নর্দমা ও রাস্তা নির্মাণ করতে গিয়ে দেরি হচ্ছে। এই রাস্তায় সব ধরনের যানবাহন ও মানুষজন চলাচল করে। ফলে নির্মাণে অসুবিধা হচ্ছে।