কাজে স্বচ্ছতা আনতে নওগাঁতে পুলিশের ‘বডি ওর্ন ক্যামেরা’ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁতে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্ট কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। আজ শনিবার সকালে শহরের বালুডাঙ্গা মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

নওগাঁয় প্রথমবারের মতো দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের শরীরে ক্যামেরা চালু থাকবে। জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যদের জন্য ‘বডি ওর্ন ক্যামেরা’ ও ‘টেকনিক্যাল বেল্ট’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ শনিবার শহরের বালুডাঙ্গা মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ রকিবুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (টিআই) রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, এই ক্যামেরা অডিও, ভিডিও এবং ছবি তুলতে পারবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে।

পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া সাংবাদিকদের বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা’র মাধ্যমে মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এ ছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আবদুল মান্নান আরও বলেন, বিশেষ এই ক্যামেরা ছাড়াও টেকনিক্যাল বেল্ট দেওয়া হয়েছে। আধুনিক এই বেল্টে থাকবে পিস্তল, হাতকড়া, অতিরিক্ত ম্যাগাজিন, এক্সপেন্ডিবল বাটন, পানির পট, টর্চ লাইট ও ওয়ারলেস। প্রথম পর্যায়ে ট্রাফিক বিভাগের পুলিশের জন্য ৩৫টি বডি ওর্ন ক্যামেরা ও টেকনিক্যাল বেল্ট নওগাঁ পুলিশে সংযুক্ত করা হলো। পর্যায়ক্রমে থানায় কর্মরত পুলিশ সদস্যদের মধ্যেও এসব উপকরণ বিতরণ করা হবে।