কাঠবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে কাঠবোঝাই ট্রলির চাপায় প্রতিবন্ধী এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার কোমলপুর এলাকার বাঁকড়া-রাজগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম দাউদ আলী (৩০)। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বালিয়াডাঙা খোসালনগর গ্রামের আবদুর রহিম মালিকের ছেলে। পেশায় তিনি একজন মুঠোফোন মেরামতকারী।

দাউদের ফুফাতো ভাই ইসলাম আলী জানান, দাউদ শারীরিক প্রতিবন্ধী। তিনি পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে মুঠোফোন মেরামতের কাজ করতেন। আজ সকালে বাড়ি থেকে ব্যাটারিচালিত বাইসাইকেল চালিয়ে বাঁকড়া-রাজগঞ্জ সড়ক দিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে কোমলপুর মহলদারপাড়ায় পৌঁছানোর পর সড়কের পাশে রাখা বালুর ওপর তাঁর সাইকেল উঠে যায়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন দাউদ। এ সময় পেছন দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রলি তাঁকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, কাঠবোঝাই ট্রলির চাপায় দাউদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে নিহত ব্যক্তির পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। আর ওই ট্রলিটি জব্দ করে রাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।