কাদিরাবাদ সেনানিবাসে সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন
ছবি: প্রথম আলো

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের রিক্রুট ব্যাচ ২০২১-এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কাদিরাবাদ সেনানিবাসের প্যারেড মাঠে ১ হাজার ১৮ সৈনিক এই প্যারেডে অংশ নেন।

শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান ও কুচকাওয়াজ অনুষ্ঠানের রিভিউইং অফিসার মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন।

নবাগতদের উদ্দেশে তিনি বলেন, ‘৪০ সপ্তাহের কঠোর পরিশ্রমের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং কোরের গর্বিত সৈনিক হয়েছেন। এখন দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত থাকতে হবে। এই ৪০ সপ্তাহের প্রশিক্ষণ সৈনিকজীবনের শুরুমাত্র।’ পরবর্তী সময়ে নানাবিধ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন মেজর মো. নাহিদ হোসেন। মনোমুগ্ধকর ব্যান্ডের তালে তালে প্রধান অতিথিকে সালাম দেওয়ার মাধ্যমে সুশৃঙ্খল প্যারেডের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুজ্জামান ও লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান খান।

অনুষ্ঠানে সামরিক বিষয়ে সেরা রিক্রুট মোহসিন আলী, শ্রেষ্ঠ ড্রিল আবদুল রাব্বী, শারীরিক প্রশিক্ষণ জুনায়েদ মিয়া, ফায়ারিংয়ে খালিদ হাসান ও সার্বিক পদে সেরা যথাক্রমে রিফাদ হোসেন, মাহবুব ইসলাম সবুজ ও আবদুল হাদি।