কাদের মির্জাপক্ষের ২ জন ও মিজানুর পক্ষের ২ জনকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষ আবদুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল পক্ষের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বসুরহাট পৌরসভা ও চরফকিরা ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার পক্ষের গ্রেপ্তার দুজন হলেন মুছাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন খান ওরফে খানসাব (৪২) ও বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে এমরাদ হোসেন ওরফে শিপন (৩৬)।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের গ্রেপ্তার দুই অনুসারী হলেন চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মো. সেলিমের ছেলে মো. সোহাগ (৩৫) ও ৭ নম্বর ওয়ার্ডের রফিক উল্যাহর ছেলে নজরুল ইসলাম ওরফে মানিক (৩৪)।

উপজেলা আওয়ামী লীগের দুই পক্ষের চার নেতা-কর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। আজ মঙ্গলবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, কোম্পানীগঞ্জে সাম্প্রতিক একের পর এক সংঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নির্দেশ দেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নুর হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি ও দাঙ্গা-হাঙ্গামার ১৫টি মামলা আছে। অপর আসামিদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, গতকাল সোমবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ যৌথভাবে বসুরহাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠানো হবে।