কাদের মির্জার ‘কালো দিবস’ পালন, প্রতিপক্ষ করল স্মরণসভা
নোয়াখালীর কোম্পানীগঞ্জে গত বছরের ৯ মার্চের ঘটনা স্মরণে আওয়ামী লীগের বিবদমান দুটি পক্ষ আজ বুধবার পৃথক কর্মসূচি পালন করছে। এর মধ্যে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। একই দিন নিহত শ্রমিক লীগ নেতা আলাউদ্দিন হত্যার ঘটনায় চাপরাশিরহাট বাজারে স্মরণসভা করেছেন কাদের মির্জার প্রতিপক্ষ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের অনুসারীরা। তবে দুই পক্ষের কর্মসূচি ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গত বছরের ৮ মার্চ বসুরহাটের ‘রূপালী চত্বরে’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানকে কাদের মির্জার নেতৃত্বে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে পরদিন ৯ মার্চ বিকেলে উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। ওই সমাবেশে হামলা চালান কাদের মির্জার অনুসারীরা। এ নিয়ে রাতে পুনরায় বসুরহাট পৌরসভা এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। ওই ঘটনায় শ্রমিক লীগ নেতা আলা উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্মরণসভায় বক্তারা বলেন, আলাউদ্দিনের খুনিদের আজও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মির্জার পূর্বঘোষিত ‘কালো দিবস’ পালন উপলক্ষে আজ বিকেলে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। কাদের মির্জা ও তাঁর বেশ কয়েকজন অনুসারী কালো রঙের পাঞ্জাবি পরে এবং কালো পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি বসুরহাট শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বসুরহাট পৌরসভাসংলগ্ন বটতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একই কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখ।
সমাবেশে কাদের মির্জা অভিযোগ করেন, সেই দিন (৯ মার্চ ২০২০) তাঁকে হত্যার উদ্দেশ্যে বসুরহাট পৌরসভা ভবনে দুই হাজারের বেশি গুলি করা হয়। গুলির আঘাতের চিহ্ন আজও পৌরসভা ভবন বয়ে বেড়াচ্ছে। শুধু তাই নয়, অটোরিকশা চালক আলাউদ্দিনকে অন্য জায়গায় হত্যা করে লাশ পৌরসভা ভবনের পাশে এনে ফেলে দিয়ে তাঁর ১৬৪ জন অনুসারীর বিরুদ্ধে আদালতে মামলা দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করলে প্রকৃত অপরাধী কারা তা বেরিয়ে আসবে।
অপরদিকে, চর ফকিরা ইউনিয়ন শ্রমিক লীগের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আলাউদ্দিনকে হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট বাজারে আজ সন্ধ্যায় স্মরণসভা হয়েছে। চর ফকিরা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানসহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চর ফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জায়দল হক, রামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজিস সালেকিন, চর এলাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাকসহ দলীয় নেতারা সেখানে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, গত বছরের ৯ মার্চ কাদের মির্জার অনুসারীরা বসুরহাট রূপালী চত্বরে উপজেলা আওয়ামী লীগের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে হামলা করেই ক্ষান্ত হয়নি, তাঁরা রাতের অন্ধকারে অস্ত্র-গুলির মহড়ায় বসুরহাটে বিভীষিকাময় পরিবেশ তৈরি করেন। নির্মমভাবে শ্রমিক লীগের নেতা আলাউদ্দিনকে গুলি করে হত্যা করেন। কিন্তু আলাউদ্দিনের খুনিদের আজও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।