কানে হেডফোন, পায়ে স্কেটিং জুতা, ট্রলির ধাক্কায় প্রাণ গেল কিশোরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজশাহীর বাগমারায় খালার বাড়িতে বেড়াতে এসেছিল এরশাদ আলী (১৫)। পায়ে স্কেটিং জুতা লাগিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল ওই কিশোর। তবে আজ শনিবার ঘুরতে বেরিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছে সে।

সকালে উপজেলার ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে ট্রলির ধাক্কায় এরশাদ নিহত হয়। এরশাদ নওগাঁর সদর থানার আরজি নওগাঁর রহিদুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে এরশাদ পায়ে স্কেটিং জুতা ও কানে হেডফোন লাগিয়ে বাড়ি থেকে বের হয়। সকাল সাড়ে সাতটার দিকে সে ভবানীগঞ্জ-কেশরহাট সড়কে ওঠে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এরশাদকে ধাক্কা দেয়। এতে ট্রলির পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এরশাদের মৃত্যু হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ প্রথম আলোকে বলেন, ওই কিশোরের কানে হেডফোন ছিল। এ কারণে সে বিপরীত দিক থেকে আসা ট্রলির শব্দ শুনতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পরই ওই ট্রলির চালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের ভিত্তিতে ওই কিশোরের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এরশাদের খালু নজরুল ইসলাম বলেন, গতকাল শুক্রবার এরশাদ আলী তাঁর বাড়িতে বেড়াতে এসেছিল। আজ সকালে বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই এ দুর্ঘটনা ঘটেছে।