কান্নার শব্দ শুনে কাছে গিয়ে মিলল নবজাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্ধার করে নবজাতককে আনা হয় কুমিল্লার দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ফসলি জমির পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় উদ্ধারের পর ওই নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোহনপুর ইউনিয়নের ভৈষেরকোট গ্রামের একটি ফসলি জমির পাশের নালা থেকে উদ্ধার হয়েছে ছেলেশিশুটি। সেখানে নবজাতকের কান্নার শব্দ শুনতে পান পথচারীরা। এ সময় কয়েকজন জড়ো হন। পরে তাঁরা এগিয়ে গিয়ে দেখতে পান, নালার মধ্যে নবজাতক পড়ে আছে। তার মুখে পোকামাকড়ের কামড়ের চিহ্ন।

নবজাতককে কোলে তুলে নেন গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী তাজুল ইসলামের স্ত্রী সালমা আক্তার। এরপর দেবীদ্বার থানা-পুলিশকে খবর দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওসি আরিফুর রহমান বলেন, নবজাতকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রথমে তার অভিভাবককে খোঁজা হচ্ছে। না পেলে আইনানুযায়ী অন্য ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নবজাতককে দত্তক পাওয়ার আশায় ভৈষেরকোট গ্রামের মাহবুব সরকারের স্ত্রী গৃহবধূ ডলি আক্তার সেবা দিয়ে যাচ্ছেন। নবজাতকের জন্য কাপড় কেনা ও দুধের ব্যবস্থা করেছেন তিনি। ডলির এক মেয়ে ও তিন ছেলে। তিন ছেলেই প্রতিবন্ধী। তাই তিনি নবজাতককে দত্তক নিতে চান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবির বলেন, দত্তক নিতে হলে অনেক আইনি জটিলতাও রয়েছে। আবেদন পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তার আগে নবজাতকের সুস্থ হওয়া দরকার। তার বৈধ অভিভাবককে খোঁজ করা দরকার। এসব চেষ্টা চলছে।