কান্নায় ভারী হলো ‘পুলিশ মেমোরিয়াল ডে’
মুক্তিযুদ্ধের সময় পাবনার পুলিশ সুপার ছিলেন চৌধুরী আবদুল গফ্ফার। দেশের জন্য তিনি জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্রাগার খুলে দিয়েছিলেন। পাবনা জেলা হানাদারমুক্ত হওয়ার পেছনে আবদুল গফ্ফারের অবদান আজও সবাই শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অন্যদিকে আশিকুজ্জামান খান (২৮) পাবনায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করতেন। সাড়ে চার বছরের চাকরিজীবনে অনেক সময় কাজের চাপে পরিবারকে সময় দিতে পারেননি। ১৮ মাস বয়সী মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনার আগেই গত বছরের ১০ ডিসেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।
আজ মঙ্গলবার পাবনায় প্রয়াত পুলিশ সদস্যদের পরিবারের অংশগ্রহণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। এ অনুষ্ঠানে আবদুল গফ্ফার-আশিকুজ্জামানের মতো প্রয়াত পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্বজন হারানোদের কান্নায় পুরো অনুষ্ঠান ভারী হয়ে ওঠে।
সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে পুলিশ মেমোরিয়াল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে জেলা পুলিশের শহীদ আবদুল জলিল মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-১ আসনের সাংসদ গোলাম ফারুক। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আবদুল মতীন খানসহ প্রয়াত পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, সেদিন আবদুল গফ্ফার না থাকলে পাবনার মুক্তিযুদ্ধের ইতিহাস অন্য রকম হতো। ১৯৭১ সালের ২৭ মার্চ পাকিস্তানিরা পুলিশ লাইনসে আক্রমণ করে। পুলিশ সুপার সেদিন আত্মসমর্পণ করতে পারতেন। তিনি সেটা না করে মুক্তিযোদ্ধাদের জন্য অস্ত্রাগার খুলে দিয়েছিলেন। ওই অস্ত্র নিয়েই মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের পরাজিত করেছেন।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, পুলিশের ইতিহাস গৌরবের ইতিহাস। পুলিশ সদস্যরা দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। কোনো স্বীকৃতিতে তাঁদের ঋণ শোধ করা যাবে না। এরপরও নতুন প্রজন্মের কাছে তাঁদের স্মরণীয় করে রাখতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাঁদের ত্যাগ ও গৌরবের ইতিহাস সংরক্ষণে জেলা পুলিশ চেষ্টা চালিয়ে যাবে।
স্মরণসভা শেষে ৫৬ জন প্রয়াত পুলিশ সদস্য ও ৬ জন শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের বিভিন্ন উপহার দেওয়া হয়। বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের স্মরণে ‘অম্লান-৭১’ নামে স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়।