কাপাসিয়ায় কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা
গাজীপুরের কাপাসিয়ায় ঘুমিয়ে থাকা কিশোরীকে (১৩) ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। পাশের গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করেন স্বজনেরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে গতকাল রোববার থানায় মামলা হয়।
কিশোরীর বাবা বাদী হয়ে এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তারা তদন্ত করছে। নির্যাতনের শিকার কিশোরীর শারীরিক পরীক্ষা করা হবে। এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, কিশোরী তার দাদির সঙ্গে ঘুমিয়ে ছিল। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ঘরে ঢুকে দাদির হাত-পা বেঁধে ও অস্ত্রের ভয় দেখিয়ে ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। পরে দাদির চিৎকারে বাড়ির অন্যরা বের হয়ে ওই কিশোরীকে আশপাশে খুঁজতে থাকেন। পাশের গ্রাম থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়।
ওই কিশোরীর ফুফু প্রথম আলোকে বলেন, একজনের সঙ্গে তাঁদের পূর্বশত্রুতা আছে। এর জেরে ওই ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ সাংবাদিকদের বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযোগ পেয়ে পুলিশের একাধিক দল তদন্ত করছে। আশা করছি, খুব শিগগির জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’