কাপাসিয়ায় বাসের ধাক্কায় শ্রমিক নিহত
গাজীপুরের কাপাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের নরসিংপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম আনসার আলী (২৩)। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা থানার হোতামারি গ্রামের নুরুল আমিনের ছেলে এবং কিশোরগঞ্জের একটি জুতা তৈরির কারখানার শ্রমিক ছিলেন।
পুলিশ জানায়, আনসার আলী আজ সকালে গ্রামের বাড়ি থেকে কিশোরগঞ্জে কারখানার উদ্দেশে যাচ্ছিলেন। তিনি গাজীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে কাপাসিয়ার নরসিংপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে পড়ে গেলে আনসার আলী ঘটনাস্থলেই মারা যান।
কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত আনসার আলীর লাশ উদ্ধার করেছে। তবে বাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।