কাপ্তাই লেকের পানি কমায় লঞ্চ চলাচল বন্ধ
কাপ্তাই লেকের পানি অস্বাভাবিক কমে যাওয়ায় রাঙামাটি জেলা শহরের সঙ্গে ছয় উপজেলার লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছে জেলার ছয় উপজেলার সাড়ে চার লাখ মানুষ। একই কারণে পণ্য পরিবহনেও দুর্ভোগ বেড়েছে ব্যবসায়ীদের। দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়া ও তীব্র দাবদাহে কাপ্তাই লেকের পানি কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
রাঙামাটি জেলা সদরের সঙ্গে লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ি, বাঘাইছড়ি ও নানিয়ার চরের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ। এর মধ্যে বাঘাইছড়ি ও নানিয়ার চর থেকে বিকল্প সড়কপথে জেলা সদরে যাতায়াতের ব্যবস্থা রয়েছে। এতে সময় বেশি লাগে, খরচও বেশি হয়। বাকি চার উপজেলা লংগদু, বরকল, জুরাছড়ি ও বিলাইছড়ির সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা নেই।
রাঙামাটি লঞ্চমালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন প্রথম আলোকে বলেন, ছয় উপজেলায় ৩০টি লঞ্চ চলে। কাপ্তাই লেকে পানি কমে যাওয়া ও ছোট-বড় অসংখ্য চর জেগে ওঠায় সব লঞ্চ বন্ধ হয়ে গেছে। বিকল্প ব্যবস্থা হিসেবে ছোট নৌকা-ট্রলার দিয়ে কোনোরকমে যাতায়াত করছেন যাত্রীরা।
লঞ্চ ব্যবসায়ীরা বলেন, গত মার্চ মাসের শুরুতে বাঘাইছড়ি-রাঙামাটি নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এরপর এপ্রিল মাসের শেষের দিকে জুরাছড়ি-রাঙামাটি পথে সরাসরি লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। মে মাসের শুরুতে বরকল, বিলাইছড়ি ও নারিয়ার চর উপজেলার সঙ্গে রাঙামাটির লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ ১৭ মে লংগদু উপজেলার সঙ্গে জেলা সদরের লঞ্চ চলাচলও বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন লোকজন।
লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় নৌকায় করে ও কিছু পথ হেঁটে ছয় উপজেলার লোকজন জেলা সদরে যাতায়াত করছেন বলে জানান লঞ্চচালক মো. শফি।
তবে যাত্রীরা ভেঙে ভেঙে শহরে যাতায়াত করতে পারলেও পণ্য পরিবহনে চরম অসুবিধা দেখা দিয়েছে বলে জানান জুরাছড়ি উপজেলার ব্যবসায়ী শান্তি জীবন চাকমা।
রাঙামাটি শহরের ফল ব্যবসায়ী মো. দিদারুল আলম বলেন, কাপ্তাই লেকে পানি কমে যাওয়ায় উপজেলার দুর্গম এলাকা থেকে ফল সংগ্রহ করতে সমস্যা হচ্ছে। ছোট নৌকায় করে এবং শ্রমিকদের দিয়ে ফলের ঝুড়ি আনাতে হচ্ছে। পরিবহন বাবদ খরচ আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে।
কাপ্তাই লেক ভরাট হওয়ার কারণে প্রতিবছর চার-পাঁচ মাস রাঙামাটির সঙ্গে ছয় উপজেলার নৌপথে যোগাযোগ বন্ধ থাকে বলে জানান জুরাছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান উদয় জয় চাকমা। তিনি বলেন, কাপ্তাই লেক খননের জন্য জেলা প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি।
হ্রদে যে পরিমাণ পানি থাকার কথা তার চেয়ে প্রায় ৫ ফুট পানি কম রয়েছে বলে জানান কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. আবদুর রহমান। তিনি বলেন, পলি জমে হ্রদের বিভিন্ন অংশ ভরাট হওয়ায় লঞ্চ চলাচলে সমস্যা হচ্ছে। বর্তমানে কাপ্তাই লেকে পানির লেভেল (স্তর) ৭৩ দশমিক ১ ফুট এমএসএল (মিন সি লেভেল)। কাপ্তাই লেকের রুল কার্ভ (সময়সূচিভিত্তিক পানি ওঠা-নামার মাপ) অনুযায়ী থাকার কথা ছিল ৭৭ ফুট এমএসএল। তিনি বলেন, লেকের পানির উচ্চতার স্তর কমে যাওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে মাত্র একটি চালু আছে।
রাঙামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান প্রথম আলোকে বলেন, পলি জমে কাপ্তাই লেকের তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। ড্রেজিং করার জন্য চেষ্টা চলছে। যাতে ছয় উপজেলায় সারা বছর নৌ যোগাযোগ চালু রাখা সম্ভব হয়।