কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়ার তম্বঘোনা বৌদ্ধবিহারের পাশে এই ঘটনা ঘটে।
নিহত ভিক্ষুর নাম আজ্ঞাধাম্মা থের ওরফে অং থোয়াই মং মারমা (৫৮)। তিনি তম্বঘোনা বৌদ্ধবিহারের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
রাইখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সায়ামং মারমা বলেন, বিহারের প্রাত্যহিক পূজা শেষ করে ওই বৌদ্ধ ভিক্ষু বিহার থেকে বের হলে বন্য হাতি তাড়া করে তাঁকে আক্রমণ করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান।
জানতে চাইলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, বৌদ্ধ ভিক্ষু আজ্ঞাধাম্মা থের ওই বিহারে একা ছিলেন। সকালে বিহারের বাইরে বন্য হাতির আক্রমণে তিনি মারা যান। পুলিশ তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।